# বুদ্ধপূর্ণিমায় দেশব্যাপী উদযাপন, সরকার নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে

*বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ শুক্রবার।*

১৩ জুন, ২০২৬ · ধর্ম

## এক নজরে

- বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ শুক্রবার
- বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদ্‌যাপন করবেন বৌদ্ধধর্মাবলম্বীরা
- বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৌদ্ধধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা আজ শুক্রবার। বৌদ্ধধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ—এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।

বুদ্ধপূজা ও শীল গ্রহণ, পিণ্ডদান, ভিক্ষু সংঘের প্রাতরাশসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিনটি উদ্‌যাপন করবেন বৌদ্ধধর্মাবলম্বীরা।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় প্রধানমন্ত্রী বলেছেন, দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের প্রত্যেক মানুষ যাতে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে, এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশন। তারা বলেছে, মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে আজ সকাল ১০টায় বুদ্ধপূজা, শীল গ্রহণ হবে। আর সন্ধ্যা ছয়টায় বুদ্ধপূর্ণিমার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/religion/shubh-buddha-purnima-aaj
