# শিবরাত্রি: অন্তর্জাগরণের মহামিলনোৎসব

*ফাল্গুন মাসের কৃষ্ণা ত্রয়োদশী ও চতুর্দশী রাতে সনাতনী বঙ্গসমাজ মেতে ওঠে শিবরাত্রিতে।*

১৩ জুন, ২০২৬ · ধর্ম

## এক নজরে

- শিবরাত্রি হল হিন্দু ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ উৎসব।
- ফাল্গুন মাসের কৃষ্ণা ত্রয়োদশী ও চতুর্দশী রাতে পালিত হয়।
- শিবের ভক্তরা দিনভর উপবাস করে শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা নিবেদন করেন।

শিবরাত্রি হল হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। ফাল্গুন মাসের কৃষ্ণা ত্রয়োদশী ও চতুর্দশী রাতে সনাতনী বঙ্গসমাজ মেতে ওঠে শিবরাত্রিতে। এই তিথিটিকেই তারা পবিত্রতম মনে করে।

এই তিথি উপলক্ষে দুটি জনশ্রুতি আছে। একটি হল, এই দিনটিতেই শিব লিঙ্গরূপে প্রথম প্রকাশিত হন বলে তাঁকে পূজা করা হয়। দ্বিতীয়টি, এই তিথিতে শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল।

শিবের ভক্তরা দিনভর উপবাস করে পার্বণটি পালন করেন এবং সন্ধ‍্যায় সূর্যাস্তের পর শিবলিঙ্গে জল, দুধ, বেলপাতা নিবেদনের পর ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্রোচ্চারণ করেন।

অনেক স্থানে ভক্তরা রাত্রি জেগে কীর্তন ও শিবের বন্দনায় মেতে ওঠেন। দার্শনিকরা বলে থাকেন, এই বাহ‍্যিক জাগ্রত ভাব অন্তরের অজ্ঞানতার অন্ধকার ঘুচিয়ে আত্মজাগরণের এক অসাধারণ পর্ব।

শিবের মন্দিরকে কেন্দ্র করে মেলা বসে। সাধুসন্ন‍্যাসীরা এসে যোগ দেন। শিবের বারোটি জ‍্যোতির্লিঙ্গের কাহিনী ভক্তসমাগমে আলোচিত হয়। ভক্তরা ছাড়াও আশেপাশের অঞ্চল থেকে আসা সববয়সী সবধর্মের ও সবজাতের মানুষজন এসে মেলাকে মহামিলন ক্ষেত্রে পরিণত করে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/religion/shivratri-antorjagraner-mahamilonotsob
