# পবিত্র হজ আজ: হাজিরা আরাফাতের ময়দানে জড়ো হচ্ছেন

*সৌদি আরবের স্থানীয় সময় ৯ জিলহজ মঙ্গলবার পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে।*

১৩ জুন, ২০২৬ · ধর্ম

## এক নজরে

- সৌদি আরবের স্থানীয় সময় আজ ৯ জিলহজ মঙ্গলবার।
- আজ পবিত্র হজ। লাখো কণ্ঠে ধ্বনিত হবে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক।’
- আরাফাতের ময়দানে জড়ো হচ্ছেন হাজিরা।

সৌদি আরবের স্থানীয় সময় আজ ৯ জিলহজ মঙ্গলবার। আজ পবিত্র হজ। লাখো কণ্ঠে ধ্বনিত হবে—‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্‌দা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুল্‌ক, লা শারিকা লাক।’ এর বাংলা অর্থ—‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।'

তবে গতকাল সোমবার পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় আট কিলোমিটার দূরে তাঁবুর নগরী মিনায় পৌঁছেছেন লাখো হজযাত্রী। সেখান থেকে আজ মঙ্গলবার ফজরের নামাজের পর আল্লাহর মেহমানরা রওনা হচ্ছেন আরাফাতের ময়দানে।

ইসলামের মূল পাঁচটি স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। আর পবিত্র হজের তিনটি ফরজের অন্যতম হচ্ছে আরাফাতের ময়দানে হাজিদের অবস্থান। এটিই হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা।

সারা বিশ্ব থেকে এবার ১৫ লাখের বেশি হজযাত্রী পবিত্র হজব্রত পালন করতে মক্কায় জড়ো হয়েছেন। নানা বর্ণের, নানা ভাষার মুসলিমরা মিশেছেন একই স্রোতে। আল্লাহর মেহমানরা আজ আরাফাতের ময়দানে দিনভর অবস্থান করবেন। এই মরুর ময়দানে ১৪০০ বছর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঐতিহাসিক বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/religion/pabitro-haj-aj
