# ট্রাক দুর্ঘটনায় ১৫ শ্রমিকের মৃত্যুতে পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি

*টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় ১৫ শ্রমজীবীর মৃত্যুতে ক্ষেতমজুর সমিতি তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় ১৫ শ্রমজীবী নিহত
- পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি
- জাতীয় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় ১৫ শ্রমজীবীর মৃত্যুতে ক্ষেতমজুর সমিতি তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. ফজলুর রহমান। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), ক্ষেতমজুর সমিতির কার্যকরী সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অর্ণব সরকার, সহসাধারণ সম্পাদক কল্লোল বণিক ও নির্বাহী কমিটির সদস্য মোতালেব হোসেন।

সংহতি জানিয়ে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মুর্শিকুল ইসলাম, রিকশা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল কুদ্দুসসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

সমাবেশে রুহিন হোসেন বলেন, ট্রাক দুর্ঘটনায় ১৫ জন শ্রমজীবীর মৃত্যু হলেও সরকারের পক্ষ থেকে এসব পরিবারকে কী ক্ষতিপূরণ দেওয়া হবে বা পরিবারের পুনর্বাসন করা হবে, সে বিষয়ে কোনো কথা নেই।

ডা. ফজলুর রহমান বলেন, দুর্ঘটনায় মৃত শ্রমজীবীদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে। আহতদের সরকারিভাবে চিকিৎসা নিশ্চিত করতে হবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/truck-accident-compensation-demand
