# জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সংসদ হতাশা সৃষ্টি করবে: স্পিকার

*স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা ব্যাপক।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা ব্যাপক
- সংসদ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে
- সাংবাদিকেরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সংসদের কাছে জনগণের প্রত্যাশা ব্যাপক। এ সংসদ অনেক ত্যাগ-তিতিক্ষা ও রক্তের ওপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এ সংসদ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস অ্যাসোসিয়শনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় স্পিকার এ কথা বলেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের সম্মেলনকক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বিপিজেএ–এর দপ্তর সম্পাদক তানিম আহমেদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, সংগঠনের সভাপতি হারুন জামিল ও সাধারণ সম্পাদক শওকত আলী খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মতবিনিময়ে অংশ নেয়।

এ সময় স্পিকার বলেন, জনগণের সঙ্গে সংসদের সম্পর্ক থাকতে হবে। সাংবাদিকেরা সে প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, বাকশাল আমলে সাংবাদিকতার যে ক্ষতি হয়েছে, তা আর পূরণ হয়নি। ওই ভীতি থেকে গত ২০ বছরেও সাংবাদিকেরা বের হতে পারেননি। দেশে এখন গণমাধ্যমের স্বাধীনতা আছে। সংবাদপত্রগুলো লিখতে পারছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, ১৯৭১ সালে অনেক স্বপ্ন নিয়ে এ দেশের জনগণ দেশটাকে স্বাধীন করেছে। কিন্তু আমাদের সেই স্বপ্নগুলো ক্রমান্বয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের বিগত সময়ে গুম, আয়নাঘর প্রতিষ্ঠা হয়েছিল। অর্থনীতির লুটপাট হয়েছিল। আমরা কোনো দিন এটা কল্পনাও করিনি। কিন্তু এ দেশের জনগণের শক্তি আছে, ছাত্র-তরুণ, তাদের পিতা-মাতা, সাধারণ মানুষ যেদিন রাস্তায় নেমেছিল, সেদিনই আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে।’

এ সংসদ প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে জনগণ হতাশ হবে—এমন মন্তব্য করে স্পিকার বলেন, মনে রাখতে হবে, সবার উপরে দেশ। দেশের স্বার্থকে এগিয়ে রাখতে হবে। বিরোধী দলের কাজ সরকারের ভুলত্রুটির সমালোচনা করা। তারা সেটা করছে। সরকারি দলের কাজ সংসদকে কার্যকর করে এগিয়ে নেওয়া। সরকারি ও বিরোধী দল মিলেমিশে সংসদকে এগিয়ে নিতে হবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/speaker-warns-parliament-failure-disappoint-public
