# সাইফুল হকের মন্তব্য: বাংলাদেশ-ভারত সুসম্পর্কের জন্য ‘পুশ ইন’ বন্ধ করুন

*বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভারতকে সীমান্তে ‘পুশ ইন’ কার্যক্রম বন্ধ করতে হবে।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- সাইফুল হক বলেছেন, ভারতকে সীমান্তে ‘পুশ ইন’ কার্যক্রম বন্ধ করতে হবে।
- তিনি দাবি করেছেন, ভারত সরকারকে বাংলাদেশবিরোধী সব ধরনের তৎপরতা থেকে বিরত থাকতে হবে।
- সাইফুল হক আরও বলেছেন, দ্বিপক্ষীয় সমস্যার সমাধানে সমতা, ন্যায্যতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে উদ্যোগী হতে হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে ভারতকে সীমান্তে ‘পুশ ইন’ (ঠেলে পাঠানোর চেষ্টা) কার্যক্রম বন্ধ করতে হবে। তিনি বলেছেন, ভারত সরকারকে বাংলাদেশবিরোধী সব ধরনের তৎপরতা থেকে বিরত থাকতে হবে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির এক সভায় সাইফুল হক এ কথা বলেন। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

সাইফুল হক বলেন, ফেব্রুয়ারিতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ভারত একদিকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলছে, অন্যদিকে সাম্প্রদায়িক উসকানিসহ বাংলাদেশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর এসব তৎপরতা নতুন মাত্রা পেয়েছে।

ভারতে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া রয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন, একইভাবে বাংলাদেশে অবৈধভাবে অবস্থানকারী ভারতীয় নাগরিকদেরও ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে আন্তর্জাতিক আইন ও স্বীকৃত প্রক্রিয়া অনুসরণ করেই এ ধরনের পদক্ষেপ নিতে হবে।

সাইফুল হক ভারত বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উসকানিতে পা না দিয়ে সমতা, ন্যায্যতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে দ্বিপক্ষীয় সমস্যার সমাধানে উদ্যোগী হতে সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় নিম্ন আয়ের গ্রাহকদের ওপর থেকে বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানান সাইফুল হক। একই সঙ্গে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান জানান। সাইফুল হক বলেন, জ্বালানি ও বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা কমানো গেলে মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে সভায় দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য দেন। সভায় ১৪ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর কমিটির কর্মসূচিও চূড়ান্ত করা হয়।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/saiful-hoq-comments-on-india-push-in
