# রাজশাহীতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল, পুলিশ তদন্তে রয়েছে

*রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন।*

১০ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- রাজশাহীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিল
- মিছিলটি পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় রাজশাহী–নওগাঁ মহাসড়কে পালন করা হয়
- পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ মঙ্গলবার ভোরে পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় রাজশাহী–নওগাঁ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকাল ছয়টার দিকে নওহাটার রহমান কোল্ড স্টোরেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে এটি শেষ হয়। পুরো কর্মসূচি ৮ থেকে ৯ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মিছিলে অংশ নেওয়া অধিকাংশ নেতা-কর্মীর মুখে মাস্ক ছিল। এতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/rajshahi-awami-league-jhatika-michi
