# পর্তুগালে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ ও হামলা, ভিডিও ভাইরাল

*পর্তুগালের লিসবনে এনসিপি নেতা মো. আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ ও হামলার ভিডিও ভাইরাল হয়েছে।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- পর্তুগালের লিসবনে এনসিপি নেতা মো. আকতার হোসেনের ওপর হামলা
- ডিম নিক্ষেপ ও শারীরিক লাঞ্ছনার ভিডিও ফেসবুকে ভাইরাল
- এনসিপি নেতারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে

পর্তুগালের লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলার একটি ভিডিও শনিবার ভোরে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি পার্কে আকতার দুজন ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ এক যুবক এসে তার ওপর ডিম নিক্ষেপ করেন। পরে আরও দুই যুবক একই কাজ করেন। বেশ কয়েকবার ডিম নিক্ষেপের পর ওই যুবকেরা আকতারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। পরে আকতার দৌড়ে ওই জায়গা থেকে সরে যান।

পর্তুগালপ্রবাসী কয়েকজন জানান, গত সপ্তাহে পর্তুগালে গিয়েছেন এনসিপি নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক মো. আকতার হোসেন। পর্তুগালের লিসবনে একটি পার্কে তিনি অবস্থানকালে ছাত্রলীগের কয়েকজন নেতা তার ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন।

এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ভিডিওটি তিনি দেখেছেন। পর্তুগালে থাকা কিছু ছাত্রলীগ কর্মী অতর্কিতভাবে আকতারের ওপর হামলা চালিয়েছেন।

এ ঘটনায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক ও সদস্যসচিবের বরাতে একটি বিবৃতি সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, 'এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি আমাদের সাথে সাক্ষাৎ করে ব্যক্তিগত সফরে পর্তুগাল গমন করেছেন। গতকাল তার ওপর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।' বিবৃতিতে দেশে ও বিদেশে অবস্থানরত এনসিপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ, সুসংগঠিত ও সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/portugal-ncp-leader-attacked-with-eggs-video-goes-viral
