# ডিম আমার চোখে এসে লাগে, চোখে অন্ধকার দেখলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী

*জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে বিএনপির সন্ত্রাসীদের হামলার বর্ণনা দিয়েছেন।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে হামলার শিকার হন।
- ডিম আমার চোখে এসে লাগে, আমি চোখে অন্ধকার দেখছিলাম: নাসীরুদ্দীন পাটওয়ারী
- বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশও হামলা চালায় বলে অভিযোগ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গত শুক্রবার ঝিনাইদহে হামলার শিকার হওয়ার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, ‘মসজিদ থেকে বের হওয়ার পরই আমার ওপর ডিম ছুড়ে মারা হয়। ডিম আমার চোখে এসে লাগে, আমি চোখে অন্ধকার দেখছিলাম। পাশ থেকে একজন জানাল যে ডিম ছুড়ে মারা হয়েছে। এরপর তারা ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপর আমাদের সহযোদ্ধাদের ওপর হকি স্টিক, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা রক্ষীবাহিনীর মতো করে ঝাপিয়ে পড়ে।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী এ বর্ণনা দেন। ‘ঝিনাইদহে বিএনপির সন্ত্রাসীদের হামলা ও মামলার প্রহসন’ এবং সমসাময়িক বিষয়ে দলের বক্তব্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ পড়ার পর বিএনপি ও দলটির সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের হামলার শিকার হন নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা–কর্মীদের সঙ্গে পুলিশও হামলা চালায় বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তারা একসঙ্গে আমাদের ওপর হামলা করেছে। পরে বিচারের জন্য থানায় গেলে তারা মামলা না নিয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়। ছয় ঘণ্টা বিদ্যুৎ বন্ধ রাখা হয়। মামলা নেওয়ার কথা বললেও একপর্যায়ে ওসি থানা থেকে সটকে পড়েন। একটা পর্যায়ে তারা মামলা নিতে বাধ্য হয়।’

মামলা করে থানা থেকে বের হওয়ার সময় হাজার তিনেক ব্যক্তি অস্ত্রশস্ত্র-লাঠিসোঁটা নিয়ে থানার ফটক ভাঙা শুরু করে জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘পুলিশ তখন পেছনে পালানো শুরু করে। পরে তাদের সঙ্গে নেগোসিয়েশন (সমঝোতা) করে।’

দেশে কোনো আইনের শাসন নেই, দেশে একটি জংলি শাসন চলছে বলে অভিযোগ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁরা সংস্কার বাস্তবায়ন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং চাঁদাবাজি-সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন।

সরকারকে সতর্ক করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের ওপর যদি অন্যায়ভাবে হামলা-মামলা হয়, আমরা পাঁচ বছরের জন্য প্রস্তুত আছি। কিন্তু পাঁচ বছর দেখবেন কি না, সেই নিশ্চয়তা আমরা দিতে পারছি না।’

দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা মনে করি, সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। সরকারের ক্ষমতার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই এবং পেছনে অন্য কেউ কলকাঠি নাড়ার চেষ্টা চালাচ্ছে।’

সম্প্রতি ভারত সীমান্তবর্তী এলাকা ঘুরে আসার অভিজ্ঞতা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত এলাকা মাদকে সয়লাব। সেখানে রাস্তায় রাস্তায় ফেনসিডিলের বোতল পড়ে থাকে। ভারত থেকে অবাধে বাংলাদেশে মাদক ঢুকছে।

বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) বেতন কাঠামো থেকে শুরু করে প্যাট্রলিং ব্যবস্থা, থাকার ব্যবস্থা, নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে নাজুক অবস্থা রয়েছে বলে মনে করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বিজিবিকে শক্তিশালী করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দলের যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, এস এম সাইফ মোস্তাফিজ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/nasiruddin-patwari-attacked-in-jhenaidah
