# নারায়ণগঞ্জে যুবদলের আনন্দ মিছিল: নতুন কেন্দ্রীয় কমিটিকে স্বাগত

*বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় নারায়ণগঞ্জ জেলা যুবদল আনন্দ মিছিল করেছে।*

১০ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- নারায়ণগঞ্জ জেলা যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষণায় স্বাগত জানিয়েছে
- মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নতুন কোর্ট থেকে মিছিল শুরু
- বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেছেন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল।

মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকার সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড হয়ে চানমারি এলাকা প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা যুবদলসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা সবার সেরা পরিষদ, মুন্না-নয়ন পরিষদ”সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সাদিকুর রহমান সাদেক বলেন, কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এ কমিটির নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে।

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, যাদের নেতৃত্বে অতীতে আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে, তাদের আবারও নেতৃত্বে পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনায় নারায়ণগঞ্জ যুবদল জনগণের কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখবে।

জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রচিন্তা ও রাজনৈতিক দর্শন বাস্তবায়নে যুবদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে। নতুন কমিটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজকে আরও বেশি সম্পৃক্ত করবে।

সমাবেশে বক্তারা কেন্দ্রীয় যুবদলের নবনির্বাচিত সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে অভিনন্দন জানান এবং নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/narayanganj-youth-party-welcomes-new-central-committee
