# বিএনপি সরকারের ১০০ দিন: ভুক্তভোগীদের দরজায় উপস্থিত হলেন প্রধানমন্ত্রী

*বিএনপির ১০০ দিনের কার্যক্রমে ভুক্তভোগীদের দরজায় দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- ১০০ দিনে ৫৩ হাজার ৯৬টি পরিবার ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে
- ২০ হাজার ৭৪৮টি পরিবার ‘কৃষক কার্ড’ পেয়েছে
- ১০০ দিনে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে

ক্ষমতাসীন বিএনপি সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে আজ বুধবার। এ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই ১০০ দিনে তাঁদের অন্যতম সফলতা হচ্ছে, সব শিল্পকারখানায় ঈদের আগে বেতন, বোনাস ও সুবিধা পরিশোধ নিশ্চিত করা। ১০০ দিনের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে বিএনপি দাবি করেছে, ‘এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রীই তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন।’

## বিএনপির ১০০ দিনের উল্লেখযোগ্য কাজ

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে সরকারের ১০০ দিনের উল্লেখযোগ্য কার্যক্রমের তথ্য প্রকাশ করা হয়েছে। সেখানে মোটাদাগে ২৬টি ‘সফলতার’ কথা উল্লেখ করা হয়েছে।

## সফলতার মধ্যে রয়েছে

১) ইতিমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ পেয়েছে ৫৩ হাজার ৯৬টি পরিবার;
২) এ পর্যন্ত ‘কৃষক কার্ড’ পেয়েছে ২০ হাজার ৭৪৮টি পরিবার;
৩) ১০০ দিনে শতভাগ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে;
৪) এরই মধ্যে ৬৬৬টি খালে খনন কার্যক্রম শুরু হয়েছে;
৫) ইতিমধ্যে প্রায় ৬ হাজার ধর্মীয় উপাসনালয়ের প্রধানেরা মাসিক ভাতা পাচ্ছেন;
৬) ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে;
৭) পদ্মা ব্যারাজের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে, যা থেকে সরাসরি উপকৃত হবে দেশের ৩৭ শতাংশ মানুষ;
৮) যুদ্ধাবস্থায় ভর্তুকির মাধ্যমে তেলের বাজার নিয়ন্ত্রণ করা হয়েছে;
৯) ২০ মে পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে;
১০) মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৭১ শতাংশে নেমে এসেছে;
১১) ২৪ মে পর্যন্ত ১০টি কেবিনেট সভায় ৬০টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার ৩৭টি ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং ২৩টি বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে;
১২) ১২ থেকে ১৪ বছর বয়সী ক্রীড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চলমান রয়েছে;
১৩) ৫৫০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে;
১৪) ভূমিসেবা অটোমেশন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে;
১৫) ১৪টি বোয়িং যুক্ত করে বিমান বহর সম্প্রসারণের উদ্দেশ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে;
১৬) ১৫২ জন জুলাই যোদ্ধাকে রাশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে;
১৭) ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসিক ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে;
১৮) সব শিল্পকারখানায় ঈদের আগে বেতন, বোনাস ও সুবিধা পরিশোধ নিশ্চিত করা হয়েছে;
১৯) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে রাজস্ব আদায়ে ১৩ দশমিক ৬০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে;
২০) প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধীদের মেট্রোরেল ও ট্রেনে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে;
২১) ১৫ হাজার ৪৪৪ জন পেশাদার ও ২২ হাজার ৯১৮ জন অপেশাদার কসাইকে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুর চামড়া ছাড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে;
২২) অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’ রাডার এখন ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমা নজরদারিতে রাখছে;
২৩) বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত করা হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ, যা ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী সরকারের আমলে বাদ দেওয়া হয়েছিল;
২৪) দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে;
২৫) বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে ৩টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গে চুক্তির প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে রয়েছে;
২৬) এখন ভুক্তভোগীরা প্রধানমন্ত্রীর কাছে যান না, বরং প্রধানমন্ত্রীই তাঁদের দুয়ারে পৌঁছে যাচ্ছেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/bnp-government-100-days
