# বিল গেটস: এপস্টিন আমার ব্যক্তিগত জীবনের তথ্য ব্যবহার করে চাপ দিতেন

*বিল গেটস বলেছেন, জেফরি এপস্টিন তাঁর ব্যক্তিগত জীবনের তথ্য ব্যবহার করে তাঁর ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছিলেন।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- বিল গেটস বলেছেন, এপস্টিন তাঁর ব্যক্তিগত জীবনের তথ্য ব্যবহার করে তাঁর ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছিলেন।
- গেটস বলেছেন, তিনি জানতে পারেন যে এপস্টিন তাঁর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত না থাকার বিষয়টি জেনে গেছেন।
- এপস্টিনের সঙ্গে তাঁর মেলামেশাকে গেটস ‘সীমিত’ বলে বর্ণনা করেছেন।

বিল গেটস বলেছেন, জেফরি এপস্টিন তাঁর ব্যক্তিগত জীবনের তথ্য, বিশেষ করে তাঁর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত না থাকার বিষয়টি ব্যবহার করে তাঁর ওপর চাপ সৃষ্টির চেষ্টা করেছিলেন। গতকাল বুধবার হাউস ওভারসাইট কমিটির সদস্যদের সামনে এমন কথা বলেছেন বিল গেটস।

গেটস তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘আমি জানতে পারি, এপস্টিন আমার ব্যক্তিগত জীবনের কিছু সংবেদনশীল তথ্য জেনে গেছেন। এর মধ্যে ছিল আমার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্বস্ত না থাকার বিষয়টি। এই পরকীয়া আর এপস্টিনের সঙ্গে আমার মেলামেশার কোনো সম্পর্ক ছিল না। তবে এগুলো আমার পরিবারের জন্য কষ্টদায়ক ছিল।’

বিল গেটস হাউস ওভারসাইট কমিটির শুনানিতে উদ্বোধনী বক্তব্যে বলেন, ‘আমি এপস্টিনকে কখনো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকতে দেখিনি, এর কোনো আভাসও পাইনি। আমি কখনো তাঁর দ্বীপ, তাঁর খামারবাড়ি বা ফ্লোরিডার বাড়িতে যাইনি। আমি কখনো কাউকে ভুক্তভোগী বানাইনি। তিনি হয়তো একটি ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু আমার কখনোই সে ব্যাপারে আগ্রহ ছিল না। আমি তাতে সাড়াও দিইনি।’

গেটস বলেন, ২০১১ সালে এপস্টিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। সাজাপ্রাপ্ত এই প্রয়াত যৌন অপরাধী তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি বিশ্ব স্বাস্থ্যের জন্য শত কোটি ডলার তহবিল সংগ্রহ করতে পারবেন।

মাইক্রোসফটের এই সহপ্রতিষ্ঠাতা তাঁর সাক্ষ্যে আরও অভিযোগ করেন, তাঁদের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার পর এপস্টিন তাঁর পরকীয়া সম্পর্কে যা জানতেন, তাতে আরও অনেক মিথ্যা যোগ করে তাঁর সঙ্গে আবার যোগাযোগ শুরু করতে তাঁর ওপর চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন।

বিল গেটস আইনপ্রণেতাদের বলেন, এপস্টিনের সঙ্গে দেখা করাটা ছিল তাঁর পক্ষ থেকে ‘মারাত্মক এক ভুল’।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/bill-gates-epstein-pressure-attempt
