# ধানমন্ডিতে মিছিলের প্রস্তুতি চলাকালে আওয়ামী লীগের ২৩ নেতা-কর্মী আটক

*রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- ধানমন্ডি ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতা–কর্মী আটক
- ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় আটক করা হয়েছে
- শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনা ছিল

রাজধানীর ধানমন্ডি ও আশপাশের এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২৩ নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক।

জিসানুল হক বলেন, ধানমন্ডি ৩২ নম্বর, ধানমন্ডির তাকওয়া মসজিদ ও সোবহানবাগ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে মিছিলের প্রস্তুতিকালে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতিসহ বিভিন্ন জেলা ও উপজেলার নেতা–কর্মীরা আছেন।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আটক ব্যক্তিরা বড় ধরনের ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ঠেকাতে এলাকায় টহল ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এই মিছিলের মাধ্যমে আজ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার পরিকল্পনাও ছিল বলে জানিয়েছেন জিসানুল হক।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/awami-league-23-detained-in-dhanmondi
