# অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে সিআইডি দপ্তরে হাজিরা দিলেন

*নয়াদিল্লি থেকে বৃহস্পতিবার কলকাতায় ফিরে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দপ্তর ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।*

১২ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি থেকে বৃহস্পতিবার কলকাতায় ফিরে এসেছেন।
- সিআইডি দপ্তরে হাজিরা দিয়েছেন তিনি।
- জাল স্বাক্ষর–সংক্রান্ত মামলার তদন্তে তাকে তলব করা হয়েছিল।

নয়াদিল্লি থেকে বৃহস্পতিবার কলকাতায় ফিরে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দপ্তর ভবানী ভবনে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা ৬টার মধ্যে সিআইডি দপ্তরে হাজির হওয়ার কথা ছিল তার। নির্ধারিত সময়ের আগেই তিনি ভবানী ভবনে পৌঁছান।

জাল স্বাক্ষর–সংক্রান্ত একটি মামলার তদন্তে সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে। সংস্থাটির অভিযোগ, একটি রেজোল্যুশনে কয়েকজন বিধায়কের স্বাক্ষর নিয়ে অসংগতি রয়েছে। কিছু বিধায়ক দাবি করেছেন, যে তারিখে রেজোল্যুশনে তাঁদের স্বাক্ষর দেখানো হয়েছে, সেদিন তাঁরা সেখানে উপস্থিত ছিলেন না। এ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি।

বৃহস্পতিবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাময়িক আইনি সুরক্ষা দেয়। আদালত বলেন, আগামী তিন সপ্তাহ তাঁর বিরুদ্ধে কোনো কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া যাবে না। তবে তদন্তকারী সংস্থা প্রয়োজনীয় নথি জব্দ করতে পারবে এবং তাঁকে জিজ্ঞাসাবাদও করতে পারবে। একই সঙ্গে তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

আদালত আরও নির্দেশ দিয়েছেন, তদন্তের অগ্রগতিসংক্রান্ত প্রতিবেদন পরবর্তী শুনানিতে জমা দিতে হবে। সিআইডির পক্ষ থেকে আদালতে বলা হয়, এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তিনটি নোটিশ দেওয়া হয়েছিল, যেগুলোর মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং তদন্ত এগিয়ে নিতে তাঁর বক্তব্য গুরুত্বপূর্ণ।

এদিকে ২০২১ সালে ত্রিপুরার খোয়াই জেলায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতার বিরুদ্ধে নতুন করে সমন জারি করেছে আদালত। মামলাটিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ, দোলা সেন ও ব্রাত্য বসুর নামও রয়েছে। খোয়াই আদালতের জারি করা সমন ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার বাসভবনে পাঠানো হয়েছে। সমনে তাঁকে নির্ধারিত তারিখে আদালতে সশরীর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/abhishek-bandopadhyay-returns-to-kolkata-appears-before-cid
