# পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দল ১২ জুন সমাবেশ

*পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১২ জুন সীমান্তবর্তী জেলাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ১১ দলীয় ঐক্য সমাবেশ করবে।*

১৩ জুন, ২০২৬ · রাজনীতি

## এক নজরে

- ১২ জুন সীমান্তবর্তী জেলাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সমাবেশ
- ১৫ জুন শাহবাগে বিক্ষোভ সমাবেশ
- গত তিন মাসে ৫০-এর অধিক এলাকায় পুশ ইনের ঘটনা

পুশ ইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১২ জুন সীমান্তবর্তী জেলাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ১১ দলীয় ঐক্য সমাবেশ করবে। এছাড়া ১৫ জুন রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করবে এই জোট। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ১১ দলীয় ঐক্যের লিয়াজঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ বলেন, দেশের সীমান্ত আজ অরক্ষিত। সীমান্তে হত্যা দীর্ঘদিনের চলমান পরিস্থিতি। বর্তমান সরকারের আমলে সীমান্তে হত্যার যে চিত্র দেখা যায়, সেটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। তিনি দাবি, গত তিন মাসে ৫০-এর অধিক সীমান্তবর্তী এলাকায় পুশ ইনের ঘটনা ঘটেছে। সেখানে ২ হাজার ৪৭৯ জনকে পুশ ইন করার চেষ্টা হয়েছে। তবে বাস্তব সংখ্যা এর দ্বিগুণের বেশি বলে দাবি করেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, বিএনপি সরকারের ১০০ দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ১৯ জন নিরীহ বাংলাদেশি নিহত হয়েছেন। একই সময়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ২৪ জন। বিএসএফ ও মিয়ানমারের আরাকান আর্মি ৮৩ জনকে আটক করে জোর করে তুলে নিয়ে গেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করেন হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, দায়িত্বশীল জায়গায় থেকে মন্তব্য করার সময় মনে রাখতে হবে, তাঁরা বাংলাদেশের মন্ত্রী। এ ক্ষেত্রে তাঁর (স্বরাষ্ট্রমন্ত্রী) বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো। বাংলাদেশের কোনো মন্ত্রী এ ধরনের বক্তব্য দিতে পারেন, সেটি বিশ্বাস করা কঠিন। সরকারকে ‘নতজানু পররাষ্ট্রনীতি’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান জামায়াতের এই নেতা।

---
Source: https://pulsetoday.com.bd/bn/politics/11-parties-protest-push-in-border-killings
