# শাকিব খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করলেন ভূবন গগন, মুক্তি পেলো ‘রকস্টার’

*ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- শাকিব খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে ভূবন গগন
- চুল না কাটার জন্য শিক্ষকের কাছে বকাও খেয়েছে গগন
- শায়ানের চুল বড় রাখার জন্য স্কুলে কড়াকড়ি শুরু হয়েছিল

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’। এতে শাকিব খানের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছে ভূবন গগন। গগনের বয়স সাত বছর। সিনেমায় শাকিব খানের ছয় বছরের ‘আগুন’ চরিত্রে অভিনয় করেছে সে। আর কিশোর বয়সের চরিত্রে অভিনয় করেছে আরেক শিশুশিল্পী শায়ান মির্জা। শায়ানের বয়স ১৩ বছর। সিনেমায় প্রথমবার অভিনয়ের অভিজ্ঞতা শোনাচ্ছে এই দুই শিশু শিল্পী।

স্কুলে বড় চুলের বিড়ম্বনা সিনেমায় শাকিব খানকে দেখা যায় বড় চুলের লুকে। সেটির সঙ্গে মিল রাখতে গগনকে চুল না কাটার নির্দেশ দিয়েছিলেন নির্মাতা। তিন মাস চুল কাটেনি সে। এ জন্য ক্লাস টিচারের বকাও খেতে হয়েছে।

ভূবন গগন ঢাকার ওয়াইডব্লিউসিএ স্কুলে প্রথম শ্রেণিতে পড়ছে। সে বলছিল, ‘টিচার বকা দিয়েছিলেন বড় চুলের জন্য। ক্লাসে দাঁড় করিয়েও রেখেছিলেন। পরে অবশ্য কারণ জেনে আদরও করেছেন।’

একই সমস্যায় পড়তে হয় শায়ানকে। তাকে দেখে স্কুলের অন্যরাও চুল বড় রাখতে শুরু করে। তখন স্কুলে আরও কড়াকড়ি শুরু হয়। দরখাস্ত দেওয়া ছিল, শিক্ষকেরা তাড়াতাড়ি চুল কেটে ফেলতে বলেন। ভয় পাচ্ছিলেন শায়ানের মা, কোনো শিক্ষক আবার চুল কেটে দেন কি না! এ জন্য শুটিংয়ের আগে শেষ এক সপ্তাহ স্কুলেই যায়নি শায়ান।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/shakib-khan-rockstar-movie-child-actors
