# বসা থেকে দাঁড়ালে মাথা ঘোরে? জেনে নিন কারণ ও প্রতিকার

*বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালেই মাথা ঘোরার কারণ ও প্রতিকার জানতে চান?*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালেই মাথা ঘোরার অভিজ্ঞতা অনেকেরই হয়।
- এই অবস্থাকে বলা হয় ‘অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন’ কিংবা শরীরের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার সমস্যা।
- ডিহাইড্রেশন, রক্তস্বল্পতা, ডায়াবেটিস, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং স্নায়বিক রোগ এই সমস্যার প্রধান কারণ।

বসা বা শোয়া থেকে হঠাৎ উঠে দাঁড়ালেই মাথা ঘোরার অভিজ্ঞতা অনেকেরই হয়। ডাক্তারি ভাষায় এই অবস্থাকে বলা হয় ‘অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন’ কিংবা শরীরের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে হঠাৎ রক্তচাপ কমে যাওয়ার সমস্যা।

আমরা যখন বসা বা শোয়া অবস্থা থেকে হঠাৎ উঠে দাঁড়াই, তখন অভিকর্ষজ বল বা গ্রাভিটির টানে শরীরের রক্ত নিচের দিকে জমা হতে চায়। এর ফলে হার্ট থেকে মস্তিষ্কে রক্ত চলাচলের পরিমাণ সামান্য সময়ের জন্য কিছুটা কমে যায়। সুস্থ শরীরে স্বয়ংক্রিয়ভাবে স্নায়ুতন্ত্র এই পরিস্থিতি দ্রুত সামলয়ে নেয়। কিন্তু যখন এই সমন্বয় প্রক্রিয়ায় দেরি হয়, তখনই মাথা ঘোরার মতো অনুভূতি তৈরি হয়।

## কারণসমূহ

১. ডিহাইড্রেশন বা পানিশূন্যতা: রক্তে পানির পরিমাণ কমে গেলে রক্তচাপ কমে যায়, যা এই সমস্যার প্রধান কারণ। ২. রক্তস্বল্পতা ও ডায়াবেটিস: শরীরে আয়রনের অভাব কিংবা দীর্ঘমেয়াদি ডায়াবেটিস স্নায়ুর কার্যক্ষমতা কমিয়ে এই সমস্যা তৈরি করতে পারে। ৩. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া: উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ কিংবা মানসিক রোগের কিছু ওষুধ অনেক সময় রক্তচাপ দ্রুত কমিয়ে দেয়। ৪. স্নায়বিক রোগ: পারকিনসন বা মাল্টিপল সিস্টেম অ্যাট্রোফির মতো স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সময় নেয়। ৫. কানের সমস্যা: আমাদের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণকারী হিসেবে কান কাজ করে। কানের কোনো সমস্যা দেখা দিলেও এই সমস্যা হতে পারে।

## প্রতিকারসমূহ

ধীরে সুস্থে ওঠা: বসা বা শোয়া থেকে এক ঝটকায় উঠে দাঁড়াবেন না। প্রথমে কয়েক সেকেন্ড বসে পা নড়াচড়া করুন, তারপর ধীরে ধীরে উঠে দাঁঝ়ান। বিছানা ছাড়ার আগে কয়েক মিনিট বিছানার এক পাশে পা ঝুলিয়ে বসে থাকা ভালো অভ্যাস। পর্যাপ্ত পানি পান: সারা দিন শরীরকে হাইড্রেটেড রাখুন। শরীরে লবণের ঘাটতি থাকলেও রক্তচাপ কমে যেতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লবণ-পানির ভারসাম্য বজায় রাখুন। পেশির ব্যায়াম: দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হলে এক জায়গায় স্থির না থেকে পায়ের আঙুলের ওপর ভর দিয়ে একটু ওঠানামা করুন। এটি পায়ের রক্তকে ওপরের দিকে ঠেলে দিতে সাহায্য করে। খাবারের নিয়ম: একবারে খুব বেশি ভারী খাবার না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়ার চেষ্টা করুন।

যদি মাথা ঘোরার সঙ্গে সঙ্গে আপনি অজ্ঞান হয়ে যান, চোখে ঝাপসা দেখেন, বুকে ব্যথা অনুভব করেন কিংবা এটি নিয়মিত হতে থাকে, তবে অবহেলা করবেন না। একজন নিউরোলজিস্ট বা মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে রক্তচাপ পরীক্ষা এবং প্রয়োজনীয় স্নায়বিক পরীক্ষা করিয়ে নেওয়া জরুরি।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/orthostatic-hypotension-causes-remedies
