# মেসির রুম নম্বর ২০২: চতুর্থ বিশ্বকাপ জয়ের ইঙ্গিত?

*২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার কানসাস হোটেলে মেসির রুম নম্বর ২০২ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- মেসির রুম নম্বর ২০২ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা
- মেসি একা রুমে থাকার নিয়ম অনুসরণ করছেন
- ২০২২ কাতার বিশ্বকাপে এই নিয়ম কাজে দিয়েছিল

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে আর্জেন্টিনা দল এখন যুক্তরাষ্ট্রের কানসাসের এক হোটেলে উঠে গেছে। এ সময় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটির ভেতরের বেশ কিছু গল্প সামনে আসতে শুরু করেছে। সেসব আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন দলের মহাতারকা লিওনেল মেসি।

২০২২ সালে কাতার বিশ্বকাপের ঐতিহাসিক স্মৃতি ফিরিয়ে এনে কানসাসের হোটেলেও মেসি নাকি একটি বিশেষ নিয়ম অনুসরণ করেছেন। দলের বাকিরা রুম ভাগাভাগি করলেও হোটেলে মেসির জন্য একটি সিঙ্গেল রুম দেওয়া হয়েছে।

অবশ্য মেসির জন্য এই নিয়ম একদম নতুন কিছু নয়। জাতীয় দলে মেসির দীর্ঘদিনের রুমমেট সের্হিও আগুয়েরো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর থেকেই মেসি একা রুমে থাকার সিদ্ধান্ত নেন। কাতার বিশ্বকাপে এই উইনিং ফর্মুলা দারুণ কাজে দিয়েছিল বলে মনে করেন অনেক মেসিভক্ত। সেই কারণে এবার উত্তর আমেরিকার বিশ্বকাপেও মেসি নাকি একই রীতি অনুসরণ করছেন।

এবার কানসাসে মেসির রুম নম্বর ২০২। স্বভাবতই সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমী বা মেসিপ্রেমীরা এখন বিভিন্ন গাণিতিক তত্ত্ব, মিম আর মিথে মশগুল। হাজারো অন্ধভক্তের গণিত বলছে, এবার ২ যোগ ২ (মেসির রুম নম্বর ও মেসির জেতা শিরোপা নম্বর) যোগফল হবে ৪, যা সরাসরি নির্দেশ করছে আর্জেন্টিনার সম্ভাব্য চতুর্থ বিশ্বকাপ শিরোপা জেতার।

এসব কেবলই কাকতালীয় ঘটনা, নাকি কোনো শুভ লক্ষণ, তা সময়ই বলে দেবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/messi-room-number-202-argentina-fourth-world-cup
