# গরমে ত্বক সতেজ রাখার কার্যকর উপায়

*দেশের বেশিরভাগ সময় উষ্ণ আবহাওয়ায় ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- পর্যাপ্ত পানি পান করুন
- ত্বক পরিচ্ছন্ন রাখুন
- নিয়মমাফিক সানস্ক্রিন ব্যবহার করুন

দেশের বেশিরভাগ সময় উষ্ণ আবহাওয়ায় ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোদ, ঘাম, আর ধুলাবালুতে ত্বক নিয়ে সমস্যায় পড়েন বহু মানুষ। উষ্ণ মৌসুমেও কারও কারও ত্বক ফাটে। এ বিষয়ে রেড বিউটি স্যালনের স্বত্বাধিকারী ও রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম।

## পানির গুরুত্ব

গরমে প্রাণ জুড়ায় পানিতে। পানি খেলে তো বটেই, মুখে পানি দিলেও আরাম হয়। দেহকে ভেতর থেকে সতেজ রাখতে পানি খেতে হবে পর্যাপ্ত। মুখ ধোয়াও ভালো অভ্যাস, তবে বারবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া ঠিক নয়।

## সাধারণ নিয়ম

ত্বকের ধরন যেমনই হোক, এমন কিছু সাধারণ নিয়ম মেনে চলা উচিত সবারই। টাটকা ফলমূল, শাকসবজি ও পর্যাপ্ত পানি বা অন্যান্য স্বাস্থ্যকর পানীয় খাওয়া প্রয়োজন। পানির অভাবে সহজেই ত্বক শুষ্ক হয়ে পড়ে। অতিরিক্ত ঘাম হলে পানিতে সামান্য লবণ মিশিয়ে নিন।

## পরিষ্কার-পরিচ্ছন্নতা

ঘাম হলে ত্বক মুছে ফেলুন। ত্বক পরিচ্ছন্ন রাখুন। বিশেষত দেহের বিভিন্ন ভাঁজ যেন ভিজে না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

## প্রসাধনী বেছে নেওয়া

প্রসাধনী বেছে নিন ত্বকের ধরন বুঝে। বিশেষত সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে সতর্ক থাকুন। তা ছাড়া কারও যদি নির্দিষ্ট কোনো উপাদানে অ্যালার্জি থাকে, তা অবশ্যই এড়িয়ে চলতে হবে।

## ময়েশ্চারাইজার

ত্বক ধোয়ার পর ভেজা ভাব থাকতে থাকতেই ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ত্বকের ধরন অনুযায়ী গরমের উপযোগী ময়েশ্চারাইজার বেছে নিন।

## সানস্ক্রিন

নিয়মমাফিক সানস্ক্রিন সামগ্রী ব্যবহার করতে হবে অবশ্যই। নির্দিষ্ট সময় অন্তর আবার প্রয়োগ করুন এ ধরনের প্রসাধন। সরাসরি রোদের তাপ থেকে বাঁচতে ছাতা, ক্যাপ, হ্যাট ও স্কার্ফের মতো অনুষঙ্গ কাজে লাগাতে পারেন। সুতি কাপড় বেছে নিন, যাতে ত্বক ও চুলে বাতাস চলাচল করতে পারে, আবার রোদও না লাগে।

## সুস্থতা

সুস্থতা ও সৌন্দর্য চর্চায় পর্যাপ্ত ঘুম আবশ্যক।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/goramote-twak-satej-rakhen-jebhabe
