# এমা ওয়াটসন বললেন, বিয়ের চাপ মানসিক সহিংসতার সমতুল্য

*এমা ওয়াটসন বলেছেন, সমাজ ও পরিবার থেকে বিয়ের চাপ একধরনের মানসিক সহিংসতা।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- এমা ওয়াটসন বললেন, বিয়ের চাপ মানসিক সহিংসতার চেয়ে কম নয়।
- তিনি বলেন, বিয়ে না করলে জীবন অপূর্ণ বলে বার্তা মানসিক সহিংসতা।
- এমা ওয়াটসন নিজের মনের তাগিদ থেকে ‘কাউকে চাইতে’ শিখেছেন।

ব্রিটিশ পডকাস্টার জয় শেঠির ‘অন পারপাস’ পডকাস্টে হলিউড তারকা এমা ওয়াটসন তার ব্যক্তিগত সম্পর্ক, প্রেম, বিয়ে নিয়ে খোলামেলা দীর্ঘ আলাপ করেছেন। তিনি জানিয়েছেন যে, তাকেও হরহামেশা শুনতে হয়—বিয়ে করছ না কেন? সমাজ নারীদের দ্রুত বিয়ে করার যে চাপ দেয়, এমা ওয়াটসনের মতে সেটা ‘একধরনের সহিংসতা’।

এমা ওয়াটসন বলেন, ‘নারীদের পরিবার ও সমাজ থেকে এমন একটা বার্তা দেয়—যেন বিয়ে না করলে জীবন অপূর্ণ। এটা মানসিক সহিংসতার চেয়ে কোনো দিক থেকে কম নয়। এই চাপ একজন নারীর আত্মবিশ্বাস, মানসিক শান্তি আর স্বাভাবিক জীবন নষ্ট করার জন্য যথেষ্ট। অনেক সময় কেবল এই চাপে পড়ে একজন নারী বিয়ে করেন। তারপর ভুল মানুষকে জীবনসঙ্গী করে জীবনের মানেটাই হারিয়ে ফেলেন। যারা নারীদের এই চাপের ভেতরে ফেলে, তারা শতভাগ অপরাধী।’

এমা আরও বলেন, এখন তিনি এমন জায়গায় পৌঁছেছেন, যেখানে অন্য কারও প্রয়োজন বা বাহ্যিক চাপ থেকে নয়, বরং কেবল নিজের মনের তাগিদ থেকে ‘কাউকে চাইতে’ শিখেছেন। নিজের জীবন ও পরিচয় গড়ে তোলার পরই তিনি সম্পর্কে যেতে চান।

## ডেটিংয়ের জটিলতা ও হলিউডের রোমান্টিক গল্পের অবাস্তব ধারণা

সাক্ষাৎকারে তারকা হিসেবে ডেটিংয়ের জটিলতাও তুলে ধরেন এমা। জানান, অনেক সময় মানুষ তাঁকে ব্যক্তি হিসেবে নয়, বরং তারকা ‘এমা ওয়াটসন’ হিসেবেই দেখতে শুরু করেন, যা তাঁকে অস্বস্তিতে ফেলে। আর সম্পর্কটা স্বাভাবিক, স্বতঃস্ফূর্তভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।

হলিউড ও ডিজনির রোমান্টিক গল্পগুলো সম্পর্ক নিয়ে অবাস্তব ধারণা তৈরি করে বলেও মন্তব্য করেন এমা। তার মতে, সত্যিকারের ভালোবাসা মানে শুধু প্রেমে পড়া নয়; বরং দ্বন্দ্ব সামলানো, একে অন্যকে নিরাপত্তার অনুভূতি দেওয়া, একসঙ্গে জীবনের নানা ঝড় সামাল দিয়ে আরও পরিপক্ব হওয়া। এককথায় ভালোমন্দ সব মিলিয়ে সুন্দর কিছু স্মৃতি তৈরি করতে করতে একসঙ্গে বেড়ে ওঠা।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/ema-watson-on-marriage-pressure
