# একসঙ্গে এই ৫ খাবার খেলে পরিপাকে সমস্যা হতে পারে

*আয়ুর্বেদ ও আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, কিছু খাবার একসঙ্গে খেলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- ভারী খাবারের সঙ্গে ফল খেলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে
- দুধ ও ঝাল খাবার একসঙ্গে খেলে পেট ভার লাগতে পারে
- মাংস ও দুধজাতীয় খাবার একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে

আমরা অনেক সময় নানা ধরনের খাবার একসঙ্গে খাই, যা পুষ্টিকর ও স্বাস্থ্যকর মনে হলেও সব সময় হজমের জন্য উপযোগী না-ও হতে পারে। আয়ুর্বেদ ও আধুনিক পুষ্টিবিজ্ঞান বলছে, কিছু খাবার একসঙ্গে খেলে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। এতে পরে শরীরে অস্বস্তি, গ্যাস, অ্যাসিডিটি বা পেট ফাঁপাভাবের মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে ফল, দুধ, মাংস ও ভারী খাবারের বিভিন্ন সংমিশ্রণ অনেক সময় পাকস্থলীর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। চলুন, জেনে নিই কোন পাঁচটি খাবারের সংমিশ্রণ একসঙ্গে না খাওয়া ভালো এবং কেন?

## ভারী খাবারের সঙ্গে ফল

আমাদের শরীরে ফল সাধারণত খুব সহজে হজম হয়। এতে প্রাকৃতিক চিনি ও পানি বেশি থাকে, তাই দ্রুত পাকস্থলী থেকে বেরিয়ে যায়। কিন্তু ভারী খাবারের (যেমন ভাত, মাংস, দুগ্ধজাত খাবার) সঙ্গে ফল খেলে পাকস্থলীতে প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে থাকতে পারে। এতে ফারমেন্টেশন শুরু হতে পারে। এতে গ্যাস, পেট ফাঁপা বা অ্যাসিডিটি হতে পারে। তাই পুষ্টিবিদদের মতে, ফল খালি পেটে খাওয়া উচিত, অথবা অন্তত খাবারের ৩০ থেকে ৪০ মিনিট আগে খাওয়া ভালো।

## দুধ ও ঝাল খাবার

দুধে প্রোটিন (কেসিন), ফ্যাট ও ল্যাকটোজ থাকে বলে হজম হতে সময় লাগে। আর ঝাল খাবার পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বাড়াতে পারে। তাই এই দুটি একসঙ্গে খেলে কারও কারও ক্ষেত্রে পেট ভার লাগা, গ্যাস বা অস্বস্তি হতে পারে, তবে এটা সবার ক্ষেত্রে না-ও হতে পারে। তাই দুধ আলাদা করে খাওয়াই ভালো, অথবা খেজুর, কাঠবাদাম কিংবা হোল গ্রেইনজাতীয় খাবারের সঙ্গে খাওয়া ভালো।

## মাংস ও দুধজাতীয় খাবার

প্রোটিন শরীরের জন্য খুবই দরকারি, তবে কোনো কোনো ক্ষেত্রে একই সঙ্গে একাধিক ভারী প্রোটিন গ্রহণ করলে হজম প্রক্রিয়া জটিল হয়ে উঠতে পারে। মাংস ও দুধজাতীয় খাবার—দুটিই প্রোটিন ও ফ্যাটে সমৃদ্ধ হওয়ায় হজম হতে বেশি সময় লাগে। যেমন ক্রিম বা চিজযুক্ত মাংস খেলে পাকস্থলীতে তা হজম হতে আরও সময় লাগে।

## ফল মিশিয়ে দই

ফল মিশিয়ে দই খাওয়া স্বাস্থ্যকর ও সতেজ খাবার বলে মনে হলেও এই সংমিশ্রণ সব সময় সবার জন্য সহজপাচ্য না-ও হতে পারে। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া ও প্রোটিন তুলনামূলক ধীরে ধীরে হজম হয়। অন্যদিকে প্রাকৃতিক চিনি ও রসালো হওয়ায় ফল সাধারণত দ্রুত হজম হয়। একসঙ্গে খেলে হজমের গতির এই পার্থক্য কিছু সংবেদনশীল ব্যক্তির ক্ষেত্রে অ্যাসিডিটি বা পেটে গাঁজনজাতীয় অস্বস্তি তৈরি করতে পারে।

## লেবু ও দুধ

আমরা অনেক সময় দুধ খাওয়ার পর লেবু খাই, আবার লেবু খাওয়ার পর দুধও খাই। কিন্তু এই দুটি খাবার একসঙ্গে না খাওয়াই উত্তম। কারণ, লেবু অত্যন্ত অ্যাসিডিক, অন্যদিকে দুধে কেসিন নামক প্রোটিন থাকে, যা শক্তিশালী অ্যাসিডের সংস্পর্শে এলে জমাট বেঁধে যেতে পারে। তাই এই দুটি একসঙ্গে পাকস্থলীতে পৌঁছালে দুধ দ্রুত জমাট বাঁধতে পারে, যাঁদের হজমে সমস্যা রয়েছে, তাঁদের জন্য এই দুই মিশ্রণ হজম করা কঠিন হতে পারে। এ কারণেই সাইট্রাসজাতীয় ফল বা টক খাবার খাওয়ার পরপরই দুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তাই লেবু ও দুধ খাওয়ার মাঝে অন্তত এক ঘণ্টা বিরতি রাখা ভালো।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/eik-sangge-ei-5-khabar-khelei-hojme-samashya-hote-pare
