# ঈদের আগে–পরে হাতের যত্ন: অবশ্যই অনুসরণ করুন এই টিপস

*কোরবানির ঈদে মাংস কাটাকাটি ও বারবার পানি ছানাছানির কারণে হাতের ওপর চাপ পড়ে, ফলে ঈদের পর হাতের শুষ্কতা, রুক্ষতা, নখ ভেঙে যাওয়া কিংবা কিউটিকল ক্ষতিগ্রস্ত হওয়ার মতো সমস্যা দেখা দেয়।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- ঈদের আগে তিন দিন থেকে হাতের যত্ন শুরু করুন।
- ঈদের পর রিপেয়ার বা হাইড্রেটিং ম্যানিকিউর করানো উপকারী।
- নখ ছোট ও পরিষ্কার রাখুন, নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

ঈদের আগে ও পরে হাতের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি বলেন, ঈদের অন্তত তিন দিন আগে থেকেই হাতের যত্ন শুরু করা ভালো। রাতে ঘুমানোর আগে ভালো কোনো হ্যান্ড ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। যাঁদের হাত খুব দ্রুত শুষ্ক হয়ে যায়, তাঁরা গ্লিসারিন, অ্যালোভেরা জেল ও ময়েশ্চারাইজার একসঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ভালো উপকার পাবেন।

## ঈদের আগে কী করবেন?

ঈদের আগে সপ্তাহে এক থেকে দুই দিন হালকা স্ক্রাব ব্যবহার করে হাতের মৃত কোষ পরিষ্কার করলে হাত হবে মসৃণ। শারমিন কচি পরামর্শ দেন, ঈদের আগে অতিরিক্ত লম্বা নখ না রাখাই ভালো। কারণ, মাংস কাটাকাটি বা রান্নার কাজে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় দীর্ঘ নখ। নখ ভেঙে যাওয়ার ঝুঁকিও বাড়ে। এ ছাড়া লম্বা নখ থেকে হতে পারে ব্যাক্টেরিয়াল ইনফেকশন, যেহেতু এই সময়টায় কাঁচা মাংসের সংস্পর্শে আসে হাত।

## ঈদের পর কী করবেন?

ঈদের পর রিপেয়ার বা হাইড্রেটিং ম্যানিকিউর করিয়ে নেওয়া যায়। এটি নতুন করে হাতের শুষ্কতা, রুক্ষতা ও ক্ষতিগ্রস্ত কিউটিকল সারাতে সাহায্য করে। বিশেষ করে যাঁরা রান্না বা মাংস প্রসেসিংয়ের কাজে বেশি সময় দেন, তাঁদের জন্য ঈদের পরের ম্যানিকিউরটি বেশ উপকারী। কোরবানির সময় নখ ছোট ও পরিষ্কার রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে কাজ করতে সুবিধা হয়, আবার স্বাস্থ্যবিধিও বজায় থাকে। নিয়মিত নখ পরিষ্কার করা এবং নখের নিচে ময়লা জমতে না দেওয়া জরুরি। নখ শক্ত রাখতে কিউটিকল তেল ব্যবহার করা যেতে পারে। চাইলে রাতে ঘুমানোর আগে সামান্য নারকেল তেল বা বাদাম তেল নখে ও কিউটিকলে মালিশ করতে পারেন। এতে নখ কম ভাঙে ও শুষ্কতাও কমে। এ সময় খুব ভারী নেইল আর্ট বা জেল পলিশ এড়িয়ে যান। কারণ, দীর্ঘ সময় পানি ও কাঁচা মাংসের সংস্পর্শে থাকলে পলিশ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/eid-hand-care-tips
