# ঢাকার এই ছাদবাগানে বছরে ৫ মণ আম উৎপাদন, এবার ফলন কেমন?

*ঢাকার মধ্যবাড্ডার ছাদবাগানে এবার ২৫ প্রজাতির আমগাছেই আম ধরেছে।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- ঢাকার মধ্যবাড্ডার ছাদবাগানে এবার ২৫ প্রজাতির আমগাছেই আম ধরেছে।
- এই ছাদবাগানে ২০১০ সাল থেকে আমগাছের বসতি রয়েছে।
- এবার চিয়াংমাই জাতের আমগাছেই ধরেছে ২ মণ আম।

ঢাকার মধ্যবাড্ডার বৈশাখী সরণির ‘সবুজ ছায়া’ নামের বাড়ির ছাদে আসমা কাদির ও মো. আবদুল কাদির দম্পতির ছাদবাগানে এবার ৫-৬ মণ আম হয়েছে। ২৬ প্রজাতির আমগাছের মধ্যে ২৫টিতেই আম ধরেছে।

এই ছাদবাগানে ২০১০ সাল থেকে আমগাছের বসতি। দুটি বারোমাসি আম দিয়ে শুরু করা সেই বাগানে এখন শোভা পাচ্ছে ২৬ প্রজাতির আমগাছ। আম্রপালি, হাঁড়িভাঙা, হিমসাগর, গুটি আম, বারি-৪, থাই ব্যানানা ম্যাঙ্গো, চিয়াংমাই, কাঁচামিঠা, আমেরিকান রেড পালমার সহ বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের ‘মিয়াজাকি’ বা সূর্যডিম রয়েছে।

এবার চিয়াংমাই জাতের আমগাছেই ধরেছে ২ মণ আম। একেকটি আম সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত হয়। কোনো ঝড়বৃষ্টি ছাড়াই শুধুমাত্র আমের ভারে গাছের ডাল ভেঙে পড়েছে বলে জানালেন আসমা কাদির।

গাছগুলো এতটাই বড় ও ঝাঁকড়া হয়েছে যে কাণ্ড বেয়ে গাছে উঠে কিংবা বাঁশের কোটা দিয়ে আম পাড়তে হয়। হাতের নাগালের বাইরে থাকা পাকা আমগুলোর ওপর পাখিদের প্রায় একচ্ছত্র দখল।

আসমা কাদির বলেন, ‘পাখিরাও এই বাগানের অতিথি, ওদেরও হক আছে। আর সে কারণেই এই বাগানে নেট বা জাল দিয়ে আম আটকে রাখি না।’ তিনি একাই পুরো বাগানের দেখভাল করেন। জৈব সার ও পানি দেওয়া, আগাছা পরিষ্কার—সবই নিজ হাতে সামলান।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/dhaka-chadbagan-am-folon
