# ১৪ বছর পর বাংলাদেশি নারী অভিযাত্রী নিম্নি মাউন্ট এভারেস্ট জয় করলেন

*১৪ বছর পর আজ ২৭ মে বাংলাদেশি নারী নিম্নি মাউন্ট এভারেস্ট জয় করেছেন।*

১৩ জুন, ২০২৬ · লাইফস্টাইল

## এক নজরে

- ১৪ বছর পর বাংলাদেশি নারী নিম্নি এভারেস্ট জয় করেছেন
- ২৭ মে নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে শিখরে ওঠেন নিম্নি
- পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার নিম্নি রংপুরে বেড়ে ওঠা

১৪ বছর পর আজ ২৭ মে বাংলাদেশি নারী নিম্নি মাউন্ট এভারেস্ট জয় করেছেন। খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি)। তিনি নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের শিখরে ওঠেন। নেপালের এইটকে এক্সপেডিশনের এক শেরপা তাঁর সঙ্গে ছিলেন।

প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখর জয় করেন ওয়াসফিয়া নাজরীন। এরপর দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি।

গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালে যান নিম্নি। কাঠমান্ডু থেকে লুকলা হয়ে পৌঁছান এভারেস্ট বেজক্যাম্পে। এরপর ধাপে ধাপে অতিউচ্চতার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেন। ১৭ মে চূড়ান্ত আরোহণের জন্য বেজক্যাম্প ছাড়েন তিনি। ধাপে ধাপে পৌঁছান ক্যাম্প–৩-এ। ২২ মে ক্যাম্প-৪-এর উদ্দেশে যাত্রা করেও প্রতিকূল আবহাওয়ার কারণে নিচে নেমে আসতে হয় তাঁকে।

এরপর অনুকূল আবহাওয়ার অপেক্ষায় কয়েক দিন ক্যাম্প–২-এ অবস্থান করেন নিম্নি। ২৫ মে আবহাওয়ার পূর্বাভাস অনুকূলে এলে আবার যাত্রা শুরু করেন। গতকাল পৌঁছান ক্যাম্প–৪-এ। সেখান থেকেই সন্ধ্যায় চূড়ান্ত আরোহণ শুরু করে আজ নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের শিখরে ওঠেন তিনি।

---
Source: https://pulsetoday.com.bd/bn/lifestyle/bangladeshi-woman-climbs-everest-after-14-years
