# প্রধানমন্ত্রী ঘোষণা: সরকার ৫ লাখ কর্মচারী নিয়োগ দেবে

*সরকারি শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- সরকার ৫ লাখ কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলছে
- সরকারি শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া দ্রুত শুরু হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারি শূন্য পদে নিয়োগপ্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আবুল কালামের সরকারি শূন্য পদে নিয়োগসংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এই সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে, যেগুলো আরও গতিশীল করার জন্য, দেশের মানুষকে আরও সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি পর্যালোচনা করছে।’ তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে (শূন্য পদ) নিয়োগপ্রক্রিয়া শুরু করব ইনশা আল্লাহ।’

বেলা ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোপর্ব। প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল তারকাচিহ্নিত পাঁচটি প্রশ্ন। এ সময়ে প্রধানমন্ত্রী তারকাচিহ্নিত তিনটি এবং বিভিন্ন সংসদ সদস্যের এ–সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দেন।

পাবনা-৫ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুপস্থিতিতে তাঁর তারকাচিহ্নিত অপর এক প্রশ্ন উত্থাপন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব। জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার মধ্যে শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর ও সংস্থাসমূহে শূন্য পদের বিপরীতে ২ হাজার ৮৭৯ জন লোক নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।’

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/sorkar-5-lakh-kormchari-niyog-deb
