# নিম্ন গ্রেডের কর্মচারীদের বেশি বেতন, উচ্চপদস্থদের কম বাড়বে

*সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।*

২২ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- নিচের গ্রেডের কর্মচারীদের বেশি বেতন বাড়বে
- উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন কম হারে বাড়বে
- মূল্যস্ফীতি মোকাবিলায় নিম্ন আয়ের কর্মীদের সহায়তা করার লক্ষ্যে পরিকল্পনা

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বেশি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। সরকারি ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি নিম্ন আয়ের কর্মীদের মূল্যস্ফীতি মোকাবিলায় সহায়তা করার লক্ষ্যে এ পরিকল্পনা নেওয়া হয়েছে।

সূত্র জানায়, আগামী অর্থবছরে ১০ম থেকে ২০তম গ্রেডভুক্ত কর্মচারীদের বেতন বেশি বাড়ানোর হতে পারে। আর ১ম গ্রেড থেকে ৯ম গ্রেডভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বেতন এ বছর তুলনামুলকভাবে কম হারে বাড়ানো হতে পারে।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত একজন প্রতিমন্ত্রী টিবিএসকে বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে বৈঠকের এজেন্ডাভুক্ত না থাকলেও বিবিধ আলোচনায় এ বিষয়টি উঠে আসে।

নাম প্রকাশের শর্তে প্রতিমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ঘোষণা অনুযায়ী ধাপে ধাপে, অর্থাৎ তিন অর্থবছরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার।

ওই প্রতিমন্ত্রী বলেন, পারিবারিক ব্যয়ের ওপর উচ্চ মূল্যস্ফীতির চাপের বিষয়টি বিবেচনায় নিয়ে মন্ত্রিসভার সদস্যরা প্রথম বছরে স্বল্প আয়ের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/government-employees-new-pay-scale
