# নামের শেষে ‘ক্যাডার’ যোগের বিলম্বে অর্থকষ্টে পড়ছেন হাজারো চাকরিপ্রার্থী

*চূড়ান্ত ফলাফলের মাসের পর মাস পেরিয়ে যাওয়ায় অনেক প্রার্থীর পকেট মানিতে এখন টান পড়েছে।*

১৩ জুন, ২০২৬ · চাকরি

## এক নজরে

- ৪৫তম সাধারণ বিসিএস এবং ৪৯তম বিশেষ বিসিএসের প্রায় আড়াই হাজার প্রার্থীর জীবন দোলাচলে
- চূড়ান্ত ফলাফলের মাসের পর মাস পেরিয়ে যাওয়ায় অর্থকষ্টে পড়ছেন প্রার্থীরা
- ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান, দ্রুত গেজেট প্রকাশের আশ্বাস দিয়েছেন সিনিয়র সহকারী সচিব

৪৫তম সাধারণ বিসিএস এবং ৪৯তম বিশেষ বিসিএসের প্রায় আড়াই হাজার প্রার্থীর জীবন এখন গেজেট বিলম্বের কারণে দোলাচলে কাটছে। পিএসসি কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও একটি গেজেট বা প্রজ্ঞাপনের অপেক্ষায় থমকে গেছে তাঁদের জীবন। চূড়ান্ত ফলাফলের মাসের পর মাস পেরিয়ে যাওয়ায় অনেক প্রার্থীর পকেট মানিতে এখন টান পড়েছে।

চাকরি পাওয়ার আনন্দে অনেকে টিউশনি বা খণ্ডকালীন কাজ ছেড়ে দিয়েছিলেন, এখন তাঁরা পড়েছেন চরম অর্থকষ্টে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী প্রার্থী বলেন, ‘আমার গ্রামে আমিই প্রথম ক্যাডার হয়েছি। সাত মাস হলে চলল গেজেট হয়নি। বয়োবৃদ্ধ অসুস্থ মা প্রায়ই জিজ্ঞাসা করেন—“তোর গেজেট দেখে মরতে পারব তো?” মাকে দেওয়ার মতো কোনো জবাব আমার কাছে নেই।’

চাকরিপ্রার্থীদের ভাষ্য, তাঁরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, বিসিএস দুটির পুলিশ ভেরিফিকেশন শেষ হয়েছে। বর্তমানে ফাইলগুলো রি-ভেরিফিকেশনের জন্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) দপ্তরে রয়েছে। কিন্তু অজ্ঞাত কারণে পুরো প্রক্রিয়া থমকে আছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবিহা ফাতেমাতুজ-জোহরা প্রথম আলোকে বলেন, ভেরিফিকেশন প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে। কাজ শেষ করে দ্রুতই গেজেট প্রকাশ করা হবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/jobs/bcs-candidates-await-gazette-verification-delay
