# বগুড়ার চৌধুরী ফার্মেসিতে ভুয়া ডাক্তারের চেম্বার বন্ধ, জরিমানা আরোপ

*বগুড়া জেলার জহুরুল নগরের চৌধুরী ফার্মেসিতে দুই ভাই ভুয়া ডাক্তারের চেম্বার চালাত বলে অভিযোগ।*

By এসএম ফারহান লাবিব · ১৫ জুলাই, ২০২৬ · স্বাস্থ্য

বগুড়া জেলার জহুরুল নগরের চৌধুরী ফার্মেসিতে দুই ভাই ভুয়া ডাক্তারের চেম্বার চালাত বলে অভিযোগ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেতৃত্বে অভিযানে ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। ফার্মেসিতে ভুয়া ডাক্তারের চেম্বার খুলে অপচিকিৎসা দেওয়ার প্রমাণ মিলেছে।

দুই ভাই মহিদুর রহমান চৌধুরী রুমন ও মতিউর রহমান চৌধুরী রুম্মান দীর্ঘদিন ধরে নিজেদের নামের আগে 'ডাক্তার' পদবি ব্যবহার করছিলেন। তারা শুধুমাত্র ডিএমএফ কোর্স সম্পন্ন করেও স্থানীয়দের কাছে ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন। ফলে সাধারণ রোগীরা বিভ্রান্ত হচ্ছিলেন এবং প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে ভুয়া ডাক্তারের চেম্বারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার। হাতেনাতে আটকের পর অপরাধ স্বীকার করেছে কথিত ডাক্তার দুই ভাই। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ছাড়াই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চৌধুরী ফার্মেসিকে ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কথিত ডাক্তারের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্ত দুই ভাই অপরাধ স্বীকার করায় তাদের বাবার উপস্থিতিতে জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতে তারা এ ধরনের অপরাধে জড়াবেন না, বলে লিখিতভাবে অঙ্গীকার করেছে।

মহল্লার বাসিন্দারা ভুয়া ডাক্তার ধরে ছেড়ে দেওয়ার ঘটনা লোক দেখানো অভিযান বলে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের মন্তব্য, ভুয়া ডাক্তার ধরে ছেড়ে দেওয়ার ঘটনা লোক দেখানো অভিযান। তারা আবারও অপচিকিৎসা দেওয়ার সাহস পাবে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/health/bogura-fake-doctor-chamber
