# ৯ কোটি টাকা বাজেটে ‘অবসেশন’ ছবির বিশ্বব্যাপী আয় ২ হাজার ৪০০ কোটি!

*৯ কোটি টাকা বাজেটে নির্মিত হরর ছবি ‘অবসেশন’ বিশ্বব্যাপী ২ হাজার ৪০০ কোটি টাকা আয় করেছে।*

১৩ জুন, ২০২৬ · বিনোদন

## এক নজরে

- ৯ কোটি টাকা বাজেটে নির্মিত ‘অবসেশন’ ছবি বিশ্বব্যাপী ২ হাজার ৪০০ কোটি টাকা আয় করেছে
- ছবিটি হলিউডের নতুন প্রজন্মের সম্ভাবনাময় হরর নির্মাতা ক্যারি বারকারের দ্বিতীয় চলচ্চিত্র
- ভারতেও ছবিটি দারুণ ব্যবসা করেছে, মুক্তির ১৩ দিনে ৪৭ কোটি রুপি আয় করেছে

৯ কোটি টাকা বাজেটে নির্মিত হরর ছবি ‘অবসেশন’ বিশ্বব্যাপী ২ হাজার ৪০০ কোটি টাকা আয় করেছে। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ছবিটির বিশ্বব্যাপী আয় ২০০ মিলিয়ন ডলার (প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা) ছাড়িয়ে গেছে। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে।

গত ১৫ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘অবসেশন’। মুক্তির পর থেকেই ছবিটি বক্স অফিসে চমক দেখাতে শুরু করে। শুধু উত্তর আমেরিকাতেই ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ১৬১ মিলিয়ন ডলার। চতুর্থ সপ্তাহান্তে এসে ছবিটি মাত্র ৭ শতাংশ আয় হারিয়েছে, যা হরর ঘরানার সিনেমার ক্ষেত্রে বিরল ঘটনা।

এর আগে এই রেকর্ড ছিল ১৯৯৯ সালের কাল্ট ক্ল্যাসিক ‘দ্য ব্লেয়ার উইচ প্রজেক্ট’– এর দখলে। সিনেমাটি চতুর্থ সপ্তাহান্তে ৯ শতাংশ আয় হারিয়েছিল। আরও অবাক করা তথ্য হলো, ১৯৮২ সালের ‘ই.টি. দ্য এক্সট্রা–টেরেসট্রিরিয়াল’ –এর পর ‘অবসেশন’ই প্রথম চলচ্চিত্র, যার দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের আয় প্রথম সপ্তাহের তুলনায় উল্টো বেড়েছে।

ছবিটির নির্মাতা ক্যারি বারকার হলিউডের পরিচিত নাম ছিলেন না; বরং ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাঁর পরিচিতি। এর আগে তিনি ‘দ্য চেয়ার’ নামের একটি হরর শর্টফিল্ম এবং ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’ নামের ফাউন্ড-ফুটেজ ছবি নির্মাণ করেছিলেন।

২০২৪ সালের চলচ্চিত্র ‘মিল্ক অ্যান্ড সেরিয়াল’ ছিল ক্যারি বারকারের প্রথম বড় পরীক্ষা। ছবিটির বাজেট ছিল মাত্র ৮০০ ডলার। বন্ধুদের নিয়ে একটি সম্পূর্ণ চলচ্চিত্র বানিয়ে ফেলেন তিনি। ছবিটি সরাসরি ইউটিউবে প্রকাশ করেন। সিনেমাটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

২০২৫ সালে বারকার নির্মাণ করেন তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘অবসেশন’। স্বল্প বাজেটের এই হরর চলচ্চিত্র প্রথম প্রদর্শিত হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডনাইট ম্যাডনেস বিভাগে। দর্শক ও সমালোচকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পায়। ছবিটির স্বত্ব কিনে নেয় ফোকাস ফিচারস।

‘অবসেশন’ তাঁর ক্যারিয়ারই বদলে দিয়েছে। এখন তাঁকে হলিউডের নতুন প্রজন্মের সবচেয়ে সম্ভাবনাময় হরর নির্মাতাদের একজন হিসেবে দেখা হচ্ছে।

ভারতের বাজারেও চমক শুধু পশ্চিমা দেশেই নয়, ভারতেও দারুণ ব্যবসা করছে ‘অবসেশন’। ২৯ মে ভারতে মুক্তির পর মুখে মুখে প্রচারের জোরে ছবিটি দ্রুত জনপ্রিয়তা পায়। ট্রেড ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মুক্তির ১৩ দিনের মধ্যেই ছবিটির ভারতীয় আয় প্রায় ৪৭ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/entertainment/obsession-2400-crore-earnings
