# বিবাহবিচ্ছেদের রায়ে কান্নায় ভেঙ্গে পড়েন হুনার হালি

*হুনার হালি ও মায়াঙ্ক গান্ধীর ৯ বছরের সংসারের ইতি ঘটেছে।*

১৩ জুন, ২০২৬ · বিনোদন

## এক নজরে

- হুনার হালি ও মায়াঙ্ক গান্ধীর বিবাহবিচ্ছেদের চূড়ান্ত রায় এসেছে
- রায় জানার পর শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন হুনার হালি
- দীর্ঘ শুনানি ও আইনি জটিলতা শেষে চূড়ান্ত রায় দেয় ফ্যামিলি কোর্ট

বিখ্যাত ভারতীয় টিভি তারকা জুটি হুনার হালি ও মায়াঙ্ক গান্ধীর বিবাহবিচ্ছেদের চূড়ান্ত রায় এসেছে। রায় জানার পর শুটিং সেটেই কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী হুনার হালি।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বিবাহবিচ্ছেদের আবেদন করেন অভিনেত্রী হুনার হালি। দীর্ঘ শুনানি ও নানা পর্যায়ের আইনি জটিলতা শেষে ২০২৬ সালের ৯ জুন ফ্যামিলি কোর্ট চূড়ান্ত রায় দেন। রায় ঘোষণার মুহূর্তে হুনার একটি শুটিং সেটে কাজ করছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শুটিং চলাকালে ফোনে বিচ্ছেদের খবর জানতে পারেন হুনার হালি। একটি দৃশ্যের শুটিং শেষে ‘কাট’ ঘোষণার পরই ফোন হাতে নেন তিনি। লিগ্যাল টিমের পাঠানো বার্তায় জানতে পারেন, আদালত তাঁর বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছেন। খবরটি পড়ার পর সেটেই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। সহকর্মীরা দ্রুত তাঁকে সান্ত্বনা দেন বলে জানা গেছে।

হুনার হালির আইনজীবী ঋগ্বেদ মোরে জানান, আদালত আজ তাঁদের পিটিশন মঞ্জুর করেছেন এবং আইনি প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। তাঁর ভাষায়, দাম্পত্য বিরোধের ক্ষেত্রে আর্থিক ও অন্যান্য সমঝোতা নিয়ে কিছু জটিলতা ছিল, যা পরবর্তী সময়ে দুই পক্ষের আলোচনার মাধ্যমে সমাধান করা হয়। নতুন শর্তাবলি আদালতে জমা দেওয়ার পরই চূড়ান্ত রায় ঘোষণা করা হয়।

---
Source: https://pulsetoday.com.bd/bn/entertainment/hunar-hali-mayank-gandhi-divorce
