# পূজায় মুক্তি পাচ্ছে ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’

*১৯৯৮ সালের সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ পূজায় মুক্তি পাবে।*

১৩ জুন, ২০২৬ · বিনোদন

## এক নজরে

- ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ পূজায় মুক্তি পাবে।
- পরিচালক কামরুজ্জামান নতুন জুটি আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিনকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন।
- মূল ছবিটির পরিচালক ছিলেন বাসু চ্যাটার্জি এবং প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’র রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ পূজায় মুক্তি পাবে। পরিচালক কামরুজ্জামান নতুন জুটি আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিনকে নিয়ে ছবিটি নির্মাণ করেছেন। মাস তিনেক আগে ছবিটির শুটিং শেষ হয়েছে এবং সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পাওয়া গেছে।

পরিচালক কামরুজ্জামান বলেন, ‘এ ধরনের ছবি রিমেক করাটা একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা কাজটা করেছি। ছবিটি দেখার পর বাকিটা সবাই বলবেন।’ মূল ছবিটির পরিচালক ছিলেন বাসু চ্যাটার্জি এবং প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। রিমেকে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান আর প্রিয়াংকা ত্রিবেদীর চরিত্রে রাদিফা।

আরিয়ান সারোয়ারের এটি দ্বিতীয় সিনেমা হলেও প্রধান চরিত্রে প্রথম। তিনি বলেন, ‘শুটিংয়ের আগে পুরো ছবিটি দেখেছি একাধিকবার। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ নয়, পরিচালকের নির্দেশনা ও আমার মতো করে চরিত্রটা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে অভিনয়জীবনের শুরুতে এটা বড় একটা প্রাপ্তি এমন চরিত্রে অভিনয় করতে পারা।’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। যৌথভাবে এটি প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।

---
Source: https://pulsetoday.com.bd/bn/entertainment/hathat-brishti-remake-releasing-puja
