# ঈদের ছুটিতে মেট্রোরেলে করে ঘুরুন বিমানবাহিনী জাদুঘর

*ঈদের ছুটিতে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার জন্য বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর হতে পারে একটি পছন্দের জায়গা।*

১৩ জুন, ২০২৬ · বিনোদন

## এক নজরে

- আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে অবস্থিত
- পরিবার ও শিশুদের জন্য আকর্ষণীয় জায়গা
- বিমান, হেলিকপ্টার, রাডার, বিমানের ইঞ্জিন প্রদর্শনী

ঈদের ছুটিতে পরিবার ও শিশুদের নিয়ে ঘোরার জন্য বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘর হতে পারে একটি পছন্দের জায়গা। শহরের একদম কেন্দ্রে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে হওয়ায় মেট্রোরেলে করে সহজেই আসা যায়।

## জাদুঘরে দেখবেন কী?

জাদুঘরে প্রবেশ করলেই বিশাল উন্মুক্ত সবুজ চত্বরে চোখে পড়বে সারিবদ্ধ যুদ্ধবিমান, প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার, রাডার, বিমানের ইঞ্জিন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া বিমানের ধ্বংসাবশেষের সংগ্রহ। হাঁটতে হাঁটতেই চোখে পড়বে একসময়ের আকাশ দাপিয়ে উড়ে বেড়ানো বিমানগুলোর এখন মাটিতে বসে কাটানো অফুরন্ত অবসর যাপন। প্রতিটি বিমানের পাশে বাংলা ও ইংরেজিতে লেখা আছে বিমানটির ইতিহাস।

## শিশুদের জন্য আলাদা আকর্ষণ

এই জাদুঘর কেবল ইতিহাস আগলে রাখেনি, রেখেছে ছোটদের জন্যও এক আনন্দের জগৎ। শিশুদের কথা ভেবে বিভিন্ন পয়েন্টে স্থাপন করা হয়েছে জিরাফ, শিম্পাঞ্জি, হাতি, হরিণ, সিংহসহ নানা পশুপাখি ও কার্টুন চরিত্রের রঙিন সব ভাস্কর্য। এই অংশের নাম দেওয়া হয়েছে ‘চিলড্রেন হেভেন’।

## শিশুপার্ক ও অ্যাডভেঞ্চার কিংডম

জাদুঘর প্রাঙ্গণে শিশুদের বিনোদনের জন্য বেশ বড় পরিসরে চালু হয়েছে অ্যাডভেঞ্চার কিংডম নামের শিশুপার্ক। বিভিন্ন আকর্ষণীয় রাইডের মধ্যে ৮০ টাকার টিকিটে উপভোগ করতে পারবে সুইং চেয়ার, ব্যানানা শিপ, মেরি গো রাউন্ড, ফেরিস হুইল, ইনফ্লেটেবল বিগ, ফ্লাইং কার, রিমোট কন্ট্রোল ট্রাম্পলিন, মিনি রোলার কোস্টার, ট্র্যাকলেস ট্রেন, ওয়াটার বাম্পার কার, বাম্পার কার এবং পেন্ডুলাম। অন্যান্য রাইডের মধ্যে ফ্যামিলি ট্রেন ৭০ টাকা এবং ছোট ইনফ্লেটেবলে লাফালাফির সুযোগ মিলবে ৫০ টাকায়। ধামাকা অফারে একসঙ্গে ৫টি রাইডের টিকিট কিনলে পাবেন আরও ১টি টিকিট ফ্রি। একইভাবে ১০টি রাইডের টিকিট কিনলে আরও ২টি টিকিট ফ্রি।

## অন্যান্য আকর্ষণ

জাদুঘর প্রাঙ্গণের ডান পাশে আছে এক বৃত্তাকার লেক। সেই লেকে জনপ্রতি ৫০ টাকার টিকিটে নৌকাভ্রমণের সুযোগ পাবেন। লেকের চারপাশ ঘিরে বৃত্তাকারে বসেছে রেললাইন। রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চারটি বগির ট্রেনটিতে চড়তে কাটতে হবে জনপ্রতি ৭০ টাকার টিকিট। জাদুঘরের অন্যতম একটি আকর্ষণ হলো একটি আস্ত বিমানের ভেতরে তৈরি এই ক্যাফে। এখানে দর্শকদের জন্য বিভিন্ন সেট মেনু ও ফাস্ট ফুডের ব্যবস্থা রয়েছে।

## প্রবেশমূল্য ও খোলা থাকার সময়

জাদুঘরে প্রবেশ করতে সাধারণ দর্শনার্থীদের টিকিটমূল্য জনপ্রতি মাত্র ৫০ টাকা। সামরিক বাহিনীর সদস্যদের জন্য ২৫ টাকা আর বিদেশি দর্শনার্থীদের জন্য ১০০ টাকা। দুই বছরের কম বয়সী শিশুরা বিনা মূল্যে প্রবেশ করতে পারে। নির্দিষ্ট কিছু বিমান বা হেলিকপ্টারে আরোহণের জন্য আলাদাভাবে ৩০ টাকায় আলাদা টিকিট কাটতে হয়। ঈদ উপলক্ষে আজ থেকে তিন দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত জাদুঘর খোলা থাকবে। তবে অন্যান্য সময় জাদুঘর সপ্তাহে ছয় দিন খোলা থাকে, রোববার সাপ্তাহিক বন্ধ। সাধারণ দিনে সোম থেকে বৃহস্পতিবার বিমানবাহিনী জাদুঘর বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। শুক্র–শনিবার ও সরকারি ছুটির দিনে খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৯টা।

## কীভাবে যাবেন?

ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী জাদুঘরে যেতে সবচেয়ে সহজ উপায় হলো মেট্রোরেলে আগারগাঁও স্টেশনে নেমে হাঁটাপথে পৌঁছে যাওয়া। স্টেশন থেকে বের হলেই আইডিবি ভবনের উল্টো পাশেই চোখে পড়বে জাদুঘরটি। এ ছাড়া বাস, সিএনজিচালিত অটোরিকশা কিংবা ব্যক্তিগত গাড়িতে করেও আসা যায়। জাদুঘরের নিজস্ব পার্কিং সুবিধা রয়েছে, যেখানে মোটরসাইকেলের জন্য ৫০ টাকা, ব্যক্তিগত গাড়ির জন্য ১০০ টাকা এবং বাসের জন্য ২০০ টাকা পার্কিং চার্জ নির্ধারিত।

---
Source: https://pulsetoday.com.bd/bn/entertainment/eid-holiday-visit-air-force-museum-by-metro-rail
