# ফিফা বিশ্বকাপে সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সঞ্জয় দেব

*ফিফা বিশ্বকাপের মঞ্চে এবারও নেই বাংলাদেশ, তবে মাঠের খেলায় নয়, সাংস্কৃতিক আয়োজনের মঞ্চে উচ্চারিত হতে যাচ্ছে বাংলাদেশের নাম।*

১৩ জুন, ২০২৬ · বিনোদন

## এক নজরে

- বাংলাদেশি–আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয় দেব বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে থাকবেন
- বিশ্বকাপ ঘিরে তৈরি গান ‘সির সির’-এর কো-প্রডিউসার রাসেল আলীও বাংলাদেশি
- সঞ্জয় দেবের স্বপ্ন বাংলা গান ও বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরা

ফিফা বিশ্বকাপের মঞ্চে এবারও নেই বাংলাদেশ। তবে মাঠের খেলায় নয়, সাংস্কৃতিক আয়োজনের মঞ্চে এবার উচ্চারিত হতে যাচ্ছে বাংলাদেশের নাম। বাংলাদেশি–আমেরিকান সংগীতশিল্পী ও সংগীত প্রযোজক সঞ্জয় দেব বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে থাকবেন।

সঞ্জয় দেবের এই উপস্থিতি অনেকের কাছেই বাংলাদেশের প্রতিনিধিত্বের প্রতীক। বিশ্বকাপ ঘিরে তৈরি আলোচিত গান ‘সির সির’-এর কো-প্রডিউসার আর কো-রাইটার হিসেবেও রয়েছেন আরেক বাংলাদেশি গিটারিস্ট, সংগীতশিল্পী, গীতিকার ও সংগীত প্রযোজক রাসেল আলী।

সঞ্জয় দেব বলেন, ‘এমন মুহূর্ত জীবনে বারবার আসে না। দীর্ঘদিনের অপেক্ষা, পরিশ্রম ও স্বপ্নের পথ পেরিয়ে আমি এই অবস্থানে পৌঁছেছি। তাই অনুষ্ঠানটিকে ঘিরে বিশেষ পরিকল্পনাও রয়েছে, যদিও সেটি আগেভাগে প্রকাশ করতে চাচ্ছি না।’

সঞ্জয় দেবের বিশ্বাস, বাংলাদেশের সংগীত বিশ্বে দারুণভাবে জায়গা করে নিতে পারে। তাই তাঁর স্বপ্ন শুধু আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা নয়, বরং বাংলা গান ও বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বদরবারে তুলে ধরা।

---
Source: https://pulsetoday.com.bd/bn/entertainment/bangladesh-represented-at-fifa-world-cup-by-sanjay-deb
