# প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান: ছয় বিষয়ে স্নাতক (অনার্স) থাকবে না

*প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) থাকবে না, এটা তিনি মনে করেন না।*

১৩ জুন, ২০২৬ · শিক্ষা

## এক নজরে

- প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, ছয় বিষয়ে অনার্স থাকবে না, এটা তিনি মনে করেন না।
- সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগপর্যন্ত, এ রকম নিউজকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান তিনি।
- জাহেদ উর রহমান বলেন, দক্ষ জনগোষ্ঠীর প্রয়োজন রয়েছে।

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয় বিষয়ে স্নাতক (অনার্স) থাকবে না, এটা তিনি মনে করেন না। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগপর্যন্ত, এ রকম নিউজকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ–সংক্রান্ত খবরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘অনার্স বাতিল হচ্ছে কিছু বিষয়ে, এটা আমি নিউজ হিসেবে দেখেছি। আমাদের সরকারের দিক থেকে অফিশিয়ালি জানানোর আগপর্যন্ত, এ রকম কোনো নিউজকে আমি গুরুত্ব না দেওয়ার জন্যই বলব।’

উপদেষ্টা বলেন, ‘এসব বিষয়ে অনার্স থাকবে না, এটা আমি মনে করি না। তবে আমরা কতগুলো জায়গায় রাখব, কয়টা বিশ্ববিদ্যালয়ে থাকবে, সে আলাপগুলো হয়তো হতে পারে। কারণ, আমরা বারবার বলছি, আমাদের দক্ষ জনগোষ্ঠী প্রয়োজন। প্রতিবছর আমাদের দেশে ২১ থেকে ২২ লাখ মানুষ কর্মের বাজারে প্রবেশ করেন। সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক–অপ্রাতিষ্ঠানিক মিলিয়ে বাংলাদেশে সর্বোচ্চ সাত থেকে আট লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ হয় না।’

---
Source: https://pulsetoday.com.bd/bn/education/prime-ministers-advisor-disagrees-with-honors-cancellation-news
