# ঢাবিতে শিশু সুরক্ষায় নতুন একাডেমিক প্রোগ্রাম চালু হবে

*ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে শীঘ্রই শিশু সুরক্ষায় নতুন একাডেমিক প্রোগ্রাম চালু হবে।*

১৩ জুন, ২০২৬ · শিক্ষা

## এক নজরে

- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে নতুন একাডেমিক প্রোগ্রাম চালু হবে
- ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় প্রোগ্রামটি চালু হবে
- শীঘ্রই ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে শীঘ্রই ‘গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন চাইল্ড প্রটেকশন’ নামে একটি নতুন একাডেমিক প্রোগ্রাম চালু হবে। ইউনিসেফের আর্থিক ও কারিগরি সহায়তায় এই প্রোগ্রাম চালু করা হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফ শিগগিরই একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।

গতকাল রোববার উপাচার্যের সভাকক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিসেফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মাহবুবা সুলতানা, ইউনিসেফের শিশু সুরক্ষা বিভাগের প্রধান ন্যাটালি ম্যাককুলি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের কয়েকজন শিক্ষক।

বৈঠককালে সমাজকর্মী, মনোসামাজিক পরামর্শক এবং সংশ্লিষ্ট পেশাজীবীসহ বর্তমান সমাজসেবা কর্মীদের কারিগরি দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিসেফ এই যৌথ সহযোগিতামূলক একাডেমিক প্রোগ্রাম গ্রহণে ঐকমত্য প্রকাশ করেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/education/dhaka-university-child-protection-program
