# বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফিজিক্সে আন্তর্জাতিক গবেষণার সুযোগ

*বাংলাদেশি শিক্ষার্থীরা এবার আইসিটিপি পিডব্লিউএফ: ফিজিকস ফর বাংলাদেশ অনলাইন সামার ইন্টার্নশিপ ২০২৬-এ অংশ নিয়ে বিশ্বমানের গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।*

১৩ জুন, ২০২৬ · শিক্ষা

## এক নজরে

- আইসিটিপি পিডব্লিউএফ: ফিজিকস ফর বাংলাদেশ অনলাইন সামার ইন্টার্নশিপ ২০২৬ শুরু হয়েছে
- শিক্ষার্থীরা আন্তর্জাতিক স্তরের গবেষকদের সঙ্গে কাজ করবে
- আবেদনের সময়সীমা ৮ জুন ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ফিজিকসে আন্তর্জাতিক গবেষণার সুযোগ দ্বিতীয়বারের মতো এ বছর শুরু হয়েছে আইসিটিপি পিডব্লিউএফ: ফিজিকস ফর বাংলাদেশ অনলাইন সামার ইন্টার্নশিপ ২০২৬। ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিকস (আইসিটিপি) এবং ফিজিকস উইদাউট ফ্রন্টিয়ারের (পিডব্লিউএফ) যৌথ উদ্যোগে এই ইন্টার্নশিপের মূল লক্ষ্য শিক্ষার্থীদের সরাসরি গবেষণার বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যা তাদের উচ্চশিক্ষার পথকে আরও সুগম করবে।

সম্পূর্ণ অনলাইন–ভিত্তিক এই ইন্টার্নশিপ প্রোগ্রামটি আগামী ২০ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত টানা তিন মাস চলবে। এ সময়ে নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক স্তরের গবেষক ও মেন্টরদের তত্ত্বাবধানে নির্দিষ্ট কিছু শর্ট রিসার্চ প্রজেক্ট বা সংক্ষিপ্ত গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।

এই বৈশ্বিক আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পাবেন বাংলাদেশি শিক্ষার্থীরা। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে বর্তমানে ব্যাচেলর (স্নাতক) অথবা মাস্টার্স (স্নাতকোত্তর) প্রোগ্রামে অধ্যয়নরত হতে হবে।

আগ্রহী শিক্ষার্থীদের জন্য আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৮ জুন ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত। আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে অনলাইনের একটি নির্দিষ্ট গুগল ফরমের মাধ্যমে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/education/bangladeshi-students-international-physics-research-opportunity
