# সোনার দাম ভরিতে ৫,৪৮২ টাকা কমল, বিশ্ববাজারের প্রভাব

*বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশেও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।*

১৩ জুন, ২০২৬ · বাণিজ্য

## এক নজরে

- সোনার দাম ভরিতে কমল ৫,৪৮২ টাকা
- ২২ ক্যারেটের সোনার নতুন দাম ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা
- ২২ ক্যারেটের রুপার নতুন দাম ৫ হাজার ২৪৯ টাকা

বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমায় দেশেও সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তাতে দেশের বাজারে প্রতি ভরিতে সোনার দাম কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। আজ সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে সোনা ও রুপার দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর আগে ২ জুন সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ ঈদের পর সোনার দাম ভরিতে কমল ৮ হাজার ৭৪৮ টাকা।

## নতুন দাম

নতুন দাম অনুযায়ী, ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।

## রুপার দাম

এদিকে আজ রুপার দাম কমেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৯ টাকা।

---
Source: https://pulsetoday.com.bd/bn/business/sonar-dam-komol-zxad
