# নারী কর্মীদের নিরাপদ যাতায়াতের জন্য ‘পিঙ্ক বাস’ চালুর ঘোষণা

*নারী কর্মীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা বাড়ানোর লক্ষ্যে সরকার ‘পিঙ্ক বাস’ চালু করবে।*

১৩ জুন, ২০২৬ · বাণিজ্য

## এক নজরে

- নারী কর্মীদের জন্য নিরাপদ যাতায়াত ব্যবস্থা বাড়ানোর লক্ষ্যে ‘পিঙ্ক বাস’ চালু করবে সরকার
- সম্পূর্ণ নারী চালক দ্বারা পরিচালিত ও নারীর ব্যবস্থাপনায় বিশেষ ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালু হবে
- নারী কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করবে

নারী কর্মীদের নিরাপদ যাতায়াত ব্যবস্থা বাড়ানোর লক্ষ্যে সরকার ‘পিঙ্ক বাস’ চালু করবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণাকালে বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, নারী কর্মজীবীদের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

## নারী কর্মজীবীদের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবীদের প্রতি যেকোনো প্রকার সহিংসতা বা যৌন হয়রানির বিরুদ্ধে সরকার ‘শূন্য সহনশীলতা’ বা জিরো টলারেন্স নীতি কার্যকর করবে। ‘পিঙ্ক বাস’ চালু হলে নারী কর্মজীবী ও শ্রমিকদের যাতায়াতব্যবস্থা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে জানান তিনি।

## উপজেলা পর্যায়ে আসছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, ‘করব কাজ, গড়ব দেশ’ নীতির ভিত্তিতে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিকে সরকার অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নিয়েছে। তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি বৈষম্যহীন কর্মসংস্থান–ব্যবস্থা গড়ে তুলতে দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ বা কর্মসংস্থান বিনিময় কেন্দ্র ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

---
Source: https://pulsetoday.com.bd/bn/business/nari-karmi-pink-bas
