# বাংলাদেশ ব্যাংক বললো, খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোন বাধা নেই

*ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ নিয়ে বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা দিয়েছে।*

১৩ জুন, ২০২৬ · বাণিজ্য

## এক নজরে

- খুরশীদ আলম নিজে ঋণখেলাপি নন
- স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ খেলাপি
- স্ত্রীর ঋণখেলাপির কারণে চেয়ারম্যান হওয়ার বাধা নেই

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ নিয়ে বাংলাদেশ ব্যাংক ব্যাখ্যা দিয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, খুরশীদ আলম নিজে ঋণখেলাপি নন, তাঁর স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ঋণখেলাপি। স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘খোঁজ নিয়ে জানা গেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে তিন কোটি টাকা ঋণ নেওয়া একটি প্রতিষ্ঠানের যৌথ মালিক খুরশীদ আলমের স্ত্রী। ওই ঋণ পরবর্তী সময়ে খেলাপি হয়েছে।’

আরিফ হোসেন খান বলেন, ‘ফলে খুরশীদ আলমকে ঋণখেলাপি হিসেবে অভিহিত করা সঠিক নয়। তাঁর স্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হলেও খুরশীদ আলম ব্যক্তিগতভাবে ঋণখেলাপি নন। স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।’

খুরশীদ আলমকে ঘিরে সম্প্রতি পুরোনো অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। এসব প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের বলেন, সে সময় খুরশীদ আলমের বিরুদ্ধে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছিল। ফলে তাঁকে যে শাস্তি দেওয়া হয়েছিল, তা যথাযথ ছিল না। এ কারণেই পরে তিনি নির্বাহী পরিচালক এবং ডেপুটি গভর্নর হিসেবে পদোন্নতি পান।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমের নিয়োগ প্রসঙ্গে মুখপাত্র বলেন, কেন্দ্রীয় ব্যাংক মনে করে তাদের সিদ্ধান্ত সঠিক। কোনো ধরনের আন্দোলন বা চাপের মুখে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করবে না।

---
Source: https://pulsetoday.com.bd/bn/business/khurshid-alam-chairman-bangladesh-bank
