# বিক্রয় প্রতিনিধি থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন কাজী শাইরুল হাসান

*রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন কাজী শাইরুল হাসান।*

১৩ জুন, ২০২৬ · বাণিজ্য

## এক নজরে

- কাজী শাইরুল হাসান সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিযুক্ত
- চার দশকের বেশি সময়ের কর্পোরেট ও আর্থিক খাতের অভিজ্ঞতা রয়েছে তাঁর
- ব্যাংক, আর্থিক সেবা, শিল্প বিনিয়োগ, টেলিযোগাযোগ ও ভোগ্যপণ্য খাতে কাজ করেছেন

রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংক পৌনে তিন মাস পর নতুন চেয়ারম্যান পেয়েছে আজ সোমবার। তাঁর নাম কাজী শাইরুল হাসান। আগের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া পদত্যাগ করেছিলেন গত ১৬ মার্চ। এর পর থেকে পদটি শূন্য ছিল।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদে কাজী শাইরুল হাসানকে তিন বছরের জন্য নিয়োগ দেয়। বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্রের পর তিনি এ পদে যোগ দেবেন।

ব্যাংক, আর্থিক সেবা, শিল্প বিনিয়োগ, টেলিযোগাযোগ ও ভোগ্যপণ্য খাতে চার দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে করপোরেট ব্যক্তিত্ব কাজী শাইরুল হাসানের। বহুজাতিক প্রতিষ্ঠান থেকে শুরু করে দেশীয় শীর্ষ করপোরেট গ্রুপ এবং আর্থিক প্রতিষ্ঠানে নেতৃত্বের দায়িত্ব পালন করে তিনি বাংলাদেশের করপোরেট ও আর্থিক খাতে একটি পরিচিত নাম। কর্মজীবনের ৪১ বছরের বেশি সময় তিনি ব্যবস্থাপনা, বিপণন, ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ, ব্যাংক সেবা এবং প্রতিষ্ঠান পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/business/kaji-shairul-hasan-new-chairman-of-shommilito-islami-bank
