# বেসরকারি ব্যাংক কর্মীদের জন্য সর্বজনীন পেনশন স্কিম চালুর আহ্বান

*সরকার বেসরকারি ব্যাংকের কর্মীদের জন্য সর্বজনীন পেনশন স্কিম 'প্রগতি' চালু করতে চায়।*

১৩ জুন, ২০২৬ · বাণিজ্য

## এক নজরে

- বেসরকারি ব্যাংকের কর্মীদের জন্য সর্বজনীন পেনশন স্কিম 'প্রগতি' চালু করতে চায় সরকার
- রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের সব শাখায় সর্বজনীন পেনশন স্কিমের জন্য আলাদা ডেস্ক স্থাপন করতে হবে
- বেসরকারি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রগতি স্কিমের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে

সরকার বেসরকারি ব্যাংকের কর্মীদের জন্য সর্বজনীন পেনশন স্কিম 'প্রগতি' চালু করতে চায়। বুধবার ঢাকায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে এ বিষয়টি উঠে এসেছে।

বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক বলেন, রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের সব শাখায় সর্বজনীন পেনশন স্কিমের জন্য আলাদা ডেস্ক স্থাপন করতে হবে। এ ছাড়া ব্যানার প্রদর্শন এবং ব্যাংকের নিজস্ব বিপণন কার্যক্রমে বিষয়টি অন্তর্ভুক্ত করার পাশাপাশি বেসরকারি ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে প্রগতি স্কিমের আওতায় আনতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ‘বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন’ শীর্ষক অংশে বেসরকারি খাতে নিয়োজিত ব্যক্তিদের বার্ধক্যের সময়ে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পেনশন তহবিল গঠনের প্রতিশ্রুতি রয়েছে।

প্রগতি স্কিমের বৈশিষ্ট্য তুলে ধরে বলা হয়, এটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মীদের জন্য বিশেষভাবে প্রণীত। কোনো প্রতিষ্ঠান স্কিমে যুক্ত হলে মাসিক চাঁদার ৫০ শতাংশ কর্মী এবং বাকি ৫০ শতাংশ প্রতিষ্ঠান বহন করবে। মাসিক চাঁদার পরিমাণ ১ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। অংশগ্রহণকারীরা অবসরের পর আজীবন মাসিক পেনশন সুবিধা পাবেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/business/government-wants-to-include-private-bank-sector-in-universal-pension
