# সরকার বাতিল করলো বিতর্কিত ব্যাংক মালিকদের ফেরার সুযোগ

*সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামি ব্যাংকে বিতর্কিত মালিকদের ফেরার সুযোগ রাখবে না সরকার।*

১৩ জুন, ২০২৬ · বাণিজ্য

## এক নজরে

- সরকার বাতিল করছে বিতর্কিত ব্যাংক মালিকদের ফেরার সুযোগ
- বিতর্কিত ধারা ১৮ (ক) বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে
- বিশ্বব্যাংকের আপত্তি ও সমালোচনার মুখে পড়েছে সরকার

সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামি ব্যাংকে বিতর্কিত মালিকদের ফেরার সুযোগ রাখবে না সরকার। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ব্যাংক রেজোল্যুশন আইনের যে ধারায় এই সুযোগ রাখা হয়েছিল, সেটা বাতিল করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

বিএনপি সরকার গত ১০ এপ্রিল অন্তর্বর্তী সরকারের করা ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ আইনে পরিণত করে। আইনটি সংসদে পাসের আগে ১৮ (ক) নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়।

এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক রেজোল্যুশনের আওতায় যাওয়ার আগে যাঁরা এর শেয়ার ধারক ছিলেন, তাঁরা চাইলে পরে আবার সেই ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক চাইলে অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকেও এ সুযোগ দিতে পারে।

অবশ্য এর জন্য আবেদনকারীকে সরকার বা বাংলাদেশ ব্যাংকের দেওয়া সব অর্থ ফেরত দেওয়াসহ বিভিন্ন শর্ত পূরণের অঙ্গীকার করতে হবে।

ব্যাংক রেজোল্যুশন আইনে নতুন ধারাটি যুক্ত করার পর বিতর্ক তৈরি হয়। সংসদে বিরোধী দলগুলো বলতে থাকে, এস আলমসহ বিতর্কিত ব্যবসায়ীদের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরিয়ে দিতেই এই ধারা যুক্ত করা হয়েছে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ মো. জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ১৮ (ক) ধারা বাতিল হলে তা হবে ভালো সংবাদ। তবে দেখতে হবে পুরোপুরি বাতিল হবে, নাকি বদলে আবার নতুন কিছু যুক্ত হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ব্যাংক রেজোল্যুশন আইনের বিতর্কিত ধারাটি বাতিলের পেছনের অন্যতম কারণ হচ্ছে এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে সরকার। আবার বিশ্বব্যাংকও ধারাটি চায় না।

বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে লিখিত বিবৃতিতে বলেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের সংলাপ অব্যাহিত রয়েছে। ব্যাংক রেজোল্যুশন-সংক্রান্ত আইনি কাঠামোকে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের নামে বিপুল টাকা বের করে নেওয়া এবং তা পরিশোধ না করায় দুর্বল হয়ে পড়ে ১০টির মতো ব্যাংক। এর মধ্যে বেশি সমস্যাগ্রস্ত ৫টি ব্যাংককে একীভূত করার জন্য ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ জারি করা হয় ২০২৫ সালের ২৫ মে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/business/government-cancels-controversial-bank-owners-return-opportunity
