# ঢাকা চেম্বার বললো, নতুন বাজেট ব্যবসা ও বিনিয়োগ সহায়ক

*প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক বলে ঢাকা চেম্বারের প্রতিক্রিয়া।*

১৩ জুন, ২০২৬ · বাণিজ্য

## এক নজরে

- প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক
- রাজস্ব লক্ষ্যমাত্রা ৩০ শতাংশ বৃদ্ধি করা চ্যালেঞ্জিং
- উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা ইতবাচক সিদ্ধান্ত

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামগ্রিকভাবে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক। তবে বাজেটের প্রকৃত সাফল্য নির্ভর করবে রাজস্বের উচ্চ লক্ষ্যমাত্রা অর্জন এবং ঘোষিত সংস্কারের বাস্তবায়নের ওপর।

বাজেট ঘোষণার পর গতকাল সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ এ প্রতিক্রিয়া জানান।

সংবাদ সম্মেলনে ঢাকা চেম্বার বলেছে, প্রস্তাবিত বাজেটটি বিগত অর্থবছরের তুলনায় ১৯ শতাংশ বড়। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ঘোষণা অনুযায়ী রাজস্ব লক্ষ্যমাত্রা ৩০ শতাংশ বৃদ্ধি করা বেশ চ্যালেঞ্জিং। বাজেটের ঘাটতি পূরণে ব্যাংকিং খাতের ওপর ঋণনির্ভরতা বাড়লে তা বেসরকারি খাতের ঋণপ্রবাহ এবং ব্যাংক খাতের পুনরুদ্ধার বাধাগ্রস্ত করতে পারে।

কর ব্যবস্থাপনায় স্বস্তি ও কিছু হতাশা রয়েছে উল্লেখ করে ঢাকা চেম্বার জানায়, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা ইতবাচক সিদ্ধান্ত। ভ্যাটের হার না বাড়িয়ে করের পরিধি সম্প্রসারণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংগঠনটি।

---
Source: https://pulsetoday.com.bd/bn/business/business-investment-friendly-budget
