# জীবনের কঠিন সময়ে ৭৫% কর্মী চায় চাকরিদাতার সহায়তা: মেটলাইফ গবেষণা

*মেটলাইফ বাংলাদেশের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, জীবনের কঠিন মুহূর্তগুলোতে ৭৫ শতাংশের বেশি কর্মী প্রতিষ্ঠানের কাছ থেকে সহানুভূতিশীল সহায়তা চান।*

১৩ জুন, ২০২৬ · বাণিজ্য

## এক নজরে

- জীবনের কঠিন সময়ে ৭৫ শতাংশের বেশি কর্মী চান প্রতিষ্ঠানের সহায়তা
- ৪৩ শতাংশ কর্মী আর্থিক চাপকে সবচেয়ে বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন
- ৭২ শতাংশ কর্মী বিশ্বাস করেন তাঁদের প্রতিষ্ঠান কর্মীদের প্রতি যত্নশীল

জীবনের কঠিন সময়ে প্রতিষ্ঠানের কাছ থেকে আন্তরিক সহযোগিতা চান বাংলাদেশের ৭৫ শতাংশের বেশি কর্মী। মেটলাইফ বাংলাদেশের ‘এমপ্লয়ি বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস) ২০২৫’ শীর্ষক সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, জীবনের বড় বড় সংকটময় পরিস্থিতিতেই কর্মীরা নিয়োগদাতাদের সহায়তা সবচেয়ে বেশি প্রত্যাশা করেন। জরিপে অংশ নেওয়া প্রায় ৪৩ শতাংশ কর্মী আকস্মিক আর্থিক চাপ বা অপ্রত্যাশিত ব্যয়কে সবচেয়ে বড় সংকট হিসেবে উল্লেখ করেছেন, যখন প্রতিষ্ঠানের সমর্থন জরুরি।

প্রায় ২৫ শতাংশ কর্মী মানসিক স্বাস্থ্য সমস্যাকে বড় সংকট মনে করেন। এ ছাড়া ২৪ শতাংশ কর্মী পরিবারের যত্ন নেওয়ার দায়িত্ব এবং ২১ শতাংশ কর্মী গুরুতর চিকিৎসাজনিত জটিলতার সময় প্রতিষ্ঠানের পাশে থাকা জরুরি বলে মনে করেন।

জরিপের একটি আকর্ষণীয় দিক হলো প্রায় ৭২ শতাংশ কর্মী বিশ্বাস করেন তাঁদের প্রতিষ্ঠান কর্মীদের প্রতি যত্নশীল। কিন্তু মাত্র ৪২ শতাংশ কর্মী অন্যদের কাছে নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে ইতিবাচক সুপারিশ করতে আগ্রহী।

কর্মীরা কেবল নীতিমালার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব সংকটের সময় দৃশ্যমান ও অর্থবহ সহায়তার ওপর গুরুত্ব দিচ্ছেন। ২৯ শতাংশ কর্মী চান নমনীয় ছুটির নীতি (ফ্লেক্সিবল লিভ পলিসি)। ২৬ শতাংশ কর্মী চান কঠিন সময়ে কাজের চাপ কমানোর সুবিধা। ২২ শতাংশ কর্মী কাজের সময়সূচির ওপর নিজের নিয়ন্ত্রণের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বিশেষ করে তরুণ কর্মীদের মধ্যে এমন মানবিক কর্মপরিবেশের চাহিদা সবচেয়ে বেশি লক্ষ করা গেছে।

গবেষণায় দেখা গেছে, কর্মীদের কল্যাণ নিশ্চিত করা শুধু সহানুভূতির বিষয় নয়, এটি ব্যবসার প্রবৃদ্ধির সঙ্গেও জড়িত। প্রায় ৭৮ শতাংশ কর্মী জানিয়েছেন, ভালো স্বাস্থ্য ও কল্যাণমূলক সুবিধা পেলে প্রতিষ্ঠানের প্রতি তাঁদের আনুগত্য বৃদ্ধি পায়।

জরিপ প্রকাশ অনুষ্ঠানে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, এখনকার কর্মীদের প্রত্যাশা হলো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে নিয়োগদাতারা তাঁদের পাশে থাকবেন।

---
Source: https://pulsetoday.com.bd/bn/business/75-percent-employees-want-employer-support-in-tough-times
