# রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টিপাত, তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস

*রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টি হওয়ায় তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমেছে।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে
- বৃষ্টির পর তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমেছে
- আগামীকাল শনিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম

রাজধানীতে আজ বৃষ্টি হয়েছে ৪৩ মিলিমিটার। বৃষ্টির পর তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।

আজ শুক্রবার সকাল থেকেই রাজধানীতে ভ্যাপসা গরম ছিল। জ্যৈষ্ঠের শেষের কঠিন রোদ গায়ে জ্বালা ধরাচ্ছিল। তাপমাত্রাও বেড়ে গিয়েছিল অনেকটা। কিন্তু দুপুরের পর রাজধানীর ঝুম বৃষ্টি সেই তাপ কমিয়েছে।

বেলা তিনটার পর রাজধানীতে বৃষ্টি শুরু হয়। অন্তত দুই ঘণ্টা চলে এই বৃষ্টি। বৃষ্টির জন্য অনেক রাস্তায় জলজটের সৃষ্টি হয়। ছুটির দিন হলেও যারা রাস্তায় ছিলেন, তারা পড়েন বিপদে। সকালের ঘাম ঝরানো রোদ দেখে স্বাভাবিকভাবেই অনেকেই ছাতা নিয়ে বেরোননি। তাদের জন্য সমস্যা হয়েছে বেশি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম আজ প্রথম আলোকে বলেন, বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা এই সময়ে রাজধানীতে ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে তাপমাত্রা অনেকটাই কমে গেছে।

নাজমুল ইসলাম জানান, দুপুরের দিকে যখন প্রচণ্ড রোদ ছিল, তখন রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আবার বৃষ্টির পর সন্ধ্যা ছয়টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

নাজমুল ইসলাম বলেন, অর্থাৎ মাত্র তিন ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। তিনি বলেন, আগামীকাল শনিবার রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা কম।

মৌসুমি বায়ু ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে একটানা বা বর্ষার বৃষ্টি বলতে যা বোঝায়, তা হতে আরও কয়েক দিন লাগতে পারে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/rajdhani-e-43-milimitar-brishti-tapomatra-komol-onekta
