# পুলিশের ১২ এসপি পদমর্যাদার কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি

*পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দেশের বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- মো. আবু সাইমকে পঞ্চগড়ের এসপি হিসেবে বদলি
- মনিরুল ইসলামকে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি
- এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর এসপি হিসেবে বদলি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে দেশের বিভিন্ন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে। পঞ্চগড়ের বর্তমান এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ সদর দপ্তরে (ঢাকায়) সংযুক্ত করা হয়েছে। ডিএমপির ডিসি মনিরুল ইসলামকে মৌলভীবাজারের এসপি এবং মৌলভীবাজারের এসপি মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। নোয়াখালীর এসপি টি এম মোশাররফ হোসেনকে সিআইডির এসপি হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া ডিএমপির ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের এসপি এবং ঝিনাইদহের এসপি মো. মাহফুজ আফজালকে এপিবিএনের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সিআইডির বিশেষ এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসপি মো. রাজীব ফরহান এবং ট্যুরিস্ট পুলিশের এসপি নিহাদ আদনান তাইয়ানকে রংপুরের রেঞ্জ উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/police-12-sp-transfer
