# মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরার অসাধারণ গল্প নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

*জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা’।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- জাতীয় জাদুঘরে চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা’।
- নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কিন্তু উচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত মানুষদের নিয়ে এই প্রদর্শনী।
- প্রদর্শনীটি ১৫ জুন পর্যন্ত চলবে।

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শন কক্ষে চলছে আলোকচিত্র প্রদর্শনী ‘মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা’। সোমবার বিকেল থেকে দর্শকদের জন্য প্রদর্শনীর দরজা খুলে দেওয়া হয়েছে। নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পেয়ে উচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত মানুষদের নিয়ে এই প্রদর্শনী।

আলোকচিত্রী মোশফিকুর রহমান জোহান ২০২২ সাল থেকে এমন ১৩টি পরিবারের জীবনযাত্রা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে ক্যামেরায় তাঁদের দুঃখ–দুর্দশা, আতঙ্ক, অর্থনৈতিক বিপর্যয়ের মতো বিষয়গুলো তুলে ধরেছেন। তিনি এর আগে গুম হওয়া মানুষদের পরিবার ও গুমের শিকার হওয়ার পর ফিরে আসা লোকদের জীবনযাত্রা নিয়েও আলোকচিত্র প্রদর্শনী করেছিলেন। এটি তাঁর পঞ্চম একক আলোকচিত্র প্রদর্শনী।

প্রদর্শনীতে কনডেমড সেল থেকে ফিরে আসা মানুষদের ছবিতে ফুটে উঠেছে তাঁদের যন্ত্রণা, উদ্বেগ। তাঁদের পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ের ছবি। মুক্তির পরে তাঁদের কেউ কেউ তাঁদের বাড়ির পাশের প্রিয় স্থানগুলোতে ঘুরে দেখছেন, তাকিয়ে আছেন মুক্ত আকাশের দিকে। কিছু ছবি আছে প্রতীকধর্মী। বন্দী অবস্থা ও মুক্তির ইঙ্গিতময়। কেউ কেউ ফিরেছেন জীবিকার কাজে।

আলোকচিত্র ছাড়াও প্রদর্শনীতে আছে কারাগার থেকে ফিরে আসা কারও কারও চিঠি, হাসপাতালে চিকিৎসার ব্যবস্থাপত্র, কারাগারে ব্যবহৃত বিভিন্ন নথিপত্রের মতো সংশ্লিষ্ট অনেক উপাদান। প্রদর্শনীটি ১৫ জুন পর্যন্ত চলবে। শনিবার থেকে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা এবং বৃহস্পতি ও শুক্রবার বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

১১ জুন বিকেল চারটায় মৃত্যুদণ্ড থেকে ফিরে আসা বেশ কয়েকজনকে নিয়ে আইনবিদ ও সুধীজনদের অংশগ্রহণে থাকবে বিশেষ আলোচনা পর্ব। আলোকচিত্রী মোশফিকুর রহমান জানান, দেশের বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা, মিথ্যা মামলা, পুলিশি নির্যাতনের দিকগুলো তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/photography-exhibition-survivors-death-penalty
