# নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে শিক্ষকদের হাতাহাতির ভিডিও ভাইরাল

*নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ভিডিও ভাইরাল হয়েছে।
- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে।
- কমিটির প্রধান করা হয়েছে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলামকে।

নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ ঘটনা তদন্তে গত মঙ্গলবার দুই সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. মনিরুল ইসলামকে। তাঁকে একজন কর্মকর্তাকে সঙ্গে নিয়ে ঘটনাটি তদন্ত করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশিদ ও সহকারী অধ্যাপক নূরুল হক কলেজের শিক্ষক মিলনায়তনে হাতাহাতিতে জড়িয়েছেন। ঘটনাটি চলতি বছর ৯ এপ্রিলের। মামুনুর রশিদ রসায়ন ও নূরুল হক হিসাববিদ্যা বিভাগের শিক্ষক। মামুনুর রশিদ ৩২তম বিসিএস ও অধ্যাপক নূরুল হক ৩৫তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে শিক্ষকতায় যোগ দিয়েছিলেন।

সহকারী অধ্যাপক নূরুল হকের দাবি, কলেজ ডরমিটরিতে বসবাসকারী শিক্ষক-কর্মচারীদের জন্য স্থাপিত পানির ফিল্টার দীর্ঘদিন ধরে নষ্ট ছিল। বিষয়টি তিনি একাধিকবার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জানান। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে ৯ এপ্রিল শিক্ষক মিলনায়তনে তিনি আবারও বিষয়টি উত্থাপন করলে অধ্যক্ষ ক্ষুব্ধ হয়ে ওঠেন।

নূরুল হকের দাবি, ‘আমি পানির সমস্যার কথা বলতেই স্যার বলেন, “ফিল্টারই বন্ধ করে দেওয়া হবে।” আমি প্রতিবাদ করলে তিনি আমাকে বেয়াদব বলেন। এরপর চেয়ার থেকে উঠে আমার দিকে তেড়ে আসেন ও ধাক্কা দেন। একপর্যায়ে তিনি আমার সঙ্গে মারামারিতে লিপ্ত হন।’

চলতি বছর ২৮ ফেব্রুয়ারি কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষের পদ শূন্য হয়। ১ মার্চ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মামুনুর রশিদ। ভিডিওর বিষয়ে বক্তব্য জানতে চেয়ে তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/noakhali-college-teachers-fight-viral-video-investigation-committee
