# খাঁচাবন্দী মহিষ ‘ট্রাম্প’ কি শুকিয়ে গেছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষের মন্তব্য

*সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ঘুরার পর মহিষ ‘ট্রাম্প’ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষ ‘ট্রাম্প’ এর ছবি ঘুরার পর বিতর্ক শুরু
- চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, মহিষটি সম্পূর্ণ সুস্থ
- মেডিক্যাল বোর্ডের পরামর্শে মহিষের খাদ্য পরিবর্তন করা হয়েছে

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানার খাঁচায় জীর্ণশীর্ণ অবস্থায় পড়ে আছে আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’—এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। এতে অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে, অযত্ন–অবহেলায় মহিষটি অসুস্থ কিংবা শুকিয়ে গেছে কি না? তবে জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, মহিষটি সম্পূর্ণ সুস্থ আছে, ভালো আছে।

গত শনিবার বেলা আড়াইটার দিকে সরেজমিন দেখা যায়, জাতীয় চিড়িয়াখানার এল-৭ খাঁচায় রাখা মহিষটির দুই পাশে দুটি ফ্যান দেওয়া হয়েছে। ফ্যান দুটি চলছিল। মহিষটিও স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে। স্বাভাবিকভাবে নড়াচড়াও করছে। মহিষটির জন্য মশারির ব্যবস্থাও করা হয়েছে। যেখানে মহিষটিকে রাখা হয়েছে, তার ওপরে টিনের শেড রয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, সেই শেডের নিচে ইনসুলেটর দেওয়া হয়েছে, যাতে টিন ভেদ করে তাপ কম লাগে মহিষটির গায়ে।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার মহিষটি আগের তুলনায় শুকনো দেখানোর ব্যাখ্যায় বলেন, মহিষটিকে খামারে লালন–পালন করা হয়েছিল কোরবানির জন্য। মানে মহিষটিকে অল্প সময়ে দ্রুত মোটা করে বিক্রি করা ছিল খামারির উদ্দেশ্য। খামারি বেশি করে দানাদার খাবার খাইয়ে মহিষের শরীরে প্রচুর ফ্যাট তৈরি করেছে। জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণ করা হবে, সে কারণে মহিষটি যেন বেশি মোটাও না হয়, আবার চিকনও না হয়, এমন করে রাখতে হবে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির কী খাওয়া উচিত, কতটুকু খাওয়া উচিত, তা ঠিক করতে ১ জুন জাতীয় চিড়িয়াখানায় মেডিক্যাল বোর্ডের বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ও অন্য কর্মকর্তা, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক, জাতীয় চিড়িয়াখানার ভেটেরিনারি ও পুষ্টিবিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এবং মহিষ প্রজনন ও উন্নয়ন খামারের কর্মকর্তারা। সেই মেডিক্যাল বোর্ডের পরামর্শ অনুযায়ী, মহিষকে এখন প্রতিদিন ২৫ কেজি কাঁচা ঘাস, ৫ কেজি খড়, ৫ কেজি দানাদার খাবার এবং পর্যাপ্ত পানি পান করতে দেওয়া হচ্ছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/mohish-trump-sushtho-kin-na-chiriakhanar-kortrpokkho
