# তিন দিন ধরে নিখোঁজ বাবা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আকুতি

*ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন মোবারক হোসেন।*

১৩ জুন, ২০২৬ · বাংলাদেশ

## এক নজরে

- মোবারক হোসেন (৬৯) তিন দিন ধরে নিখোঁজ
- পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ থেকে নিখোঁজ হওয়ার খবর
- ছেলে তৈমুর খান মবিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

রাজধানীর ফার্মগেট এলাকার পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মোবারক হোসেন (৬৯) নামের এক ব্যক্তি তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত শনিবার সকাল ১০টার দিকে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

নিখোঁজ মোবারক হোসেনের ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৈমুর খান মবিন। তিনি বলেন, ‘আমার বাবা বয়সের কারণে স্মৃতিভ্রম ও মস্তিষ্কজনিত সমস্যায় ভুগছেন। নিয়মিত চিকিৎসাও চলছিল। প্রতিদিনের মতো সেদিনও তিনি নামাজ পড়তে মসজিদে গিয়েছিলেন। এরপর আর বাসায় ফেরেননি।’

তিন দিন ধরে আত্মীয়স্বজনের বাসা, হাসপাতাল ও বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও বাবার কোনো সন্ধান পাননি বলে জানান তৈমুর।

তৈমুর বলেন, ‘বাবা সব সময় মোবাইল ফোন সঙ্গে রাখতেন। নিখোঁজ হওয়ার কিছু সময় পর থেকেই তাঁর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আমরা খুবই উদ্বিগ্ন। কেউ যদি তাঁর খোঁজ পান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।’

পরিবার সূত্রে জানা যায়, মোবারক হোসেনকে পশ্চিম তেজতুরী বাজার জামে মসজিদ এলাকায় সর্বশেষ দেখা গিয়েছিল। বয়সের কারণে তাঁর চলাফেরা ও স্মৃতিশক্তিতে কিছুটা সমস্যা ছিল। এ ঘটনায় তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যাশৈন্যু মারমা বলেন, নিখোঁজের বিষয়টি পুলিশ সদর দপ্তরসহ সংশ্লিষ্ট ইউনিটগুলোকে জানানো হয়েছে। মুঠোফন ট্র্যাকিংসহ বিভিন্ন উপায়ে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিখোঁজ হওয়ার সময় মোবারক হোসেনের পরনে ছিল হালকা লেমন রঙের পাঞ্জাবি ও কালো জুতা। তাঁর মুখে সাদা দাড়ি রয়েছে। তিনি মাঝারি উচ্চতার, স্বাস্থ্যবান গড়নের এবং মুখে অল্পসংখ্যক দাঁত রয়েছে।

কেউ মোবারক হোসেনের সন্ধান পেলে পরিবারের সদস্য তৈমুর খান মবিনের সঙ্গে ০১৭৩৮-৪৮২৩৭১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

---
Source: https://pulsetoday.com.bd/bn/bangladesh/missing-father-search-jagannath-university-student
